২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক অসন্তোষ: আশুলিয়ায় ২১ কারখানা বন্ধ, ৯টিতে সাধারণ ছুটি

আরও তিনটি কারখানার শ্রমিকরা সকালে উপস্থিত হলেও কাজে যোগদান না করে ভেতরেই বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে।

শ্রমিক অসন্তোষ: আশুলিয়ায় ২১ কারখানা বন্ধ, ৯টিতে সাধারণ ছুটি

ফাইল ছবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 11:08 AM

Updated : 22 Nov 2026, 11:08 AM

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের অব্যাহত আন্দোলনের মুখে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে ৯টি কারখানায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২১টি তৈরি পোশাক কারখানা।

রোববার সাধারণ ছুটি ঘোষণা করা ৯টি কারখানার মধ্যে হামিম গ্রুপ, ডেকো ডিজাইন, নেক্সট কালেকশন ও স্টারলিং গ্রুপের একটি কারখানাসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

তিনি বলেন, রোববার সকালে শ্রমিকরা কারখানায় এলেও কাজে যোগ না দিয়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়াতে মালিকপক্ষ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়।

এছাড়া আরও তিনটি কারখানার শ্রমিকরা সকালে কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগদান না করে কারখানার ভেতরেই বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে বলে জানান তিনি।

এসপি মোমিনুল বলেন, শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।

শিল্প পুলিশ জানায়, কয়েকদিন ধরে শিল্পাঞ্চলে অস্থিরতার জের ধরে শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) ২১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

এছাড়া, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।