সকালে শান্ত আশুলিয়া দুপুরে ফের উত্তপ্ত-সংঘর্ষ, ৬৫ কারখানা বন্ধ
বেলা ১১টার দিকে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় কিছু শ্রমিক পুলিশকে লক্ষ্য করে ইট- পাটকেল ছুড়তে থাকে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে কয়েক দিন ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকরা আন্দোলন চালিয়ে আসছেন।
বৃহস্পতিবার সকাল থেকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসতে দেখা যায়। সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা নিজ নিজ কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেছেন।
তবে দুপুরের পর পরিস্থিতি আবার উত্তপ্ত হয়। শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই পরিপ্রেক্ষিতে ৬৫ কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই দলবেঁধে শ্রমিকরা কর্মস্থলে প্রবেশ করছেন। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাগুলোর সামনে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।
বেলা ১১টার দিকে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় কিছু শ্রমিক পুলিশকে লক্ষ্য করে ইট- পাটকেল ছুড়তে থাকে।
এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।
একপর্যায়ে সাধারণ শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে চলে গেলেও কয়েকজন পুলিশের দুটি গাড়ি হামলা চালায়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশ।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বের হয়ে সড়কে জড়ো হন। তাদের সড়ক থেকে সরে যেতে বললে তারা উল্টো পুলিশের উপর হামলা করে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে। এরপরও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, সংঘর্ষ চলাকালে শ্রমিকদের ছুড়া ইটের আঘাতে অন্তর, জুয়েল ও শফিকুল নামে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তিনি বলেন, বন্ধসহ মোট ৬৫টি কারখানায় বৃহস্পতিবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারায় ২৯ কারখানা বন্ধ রয়েছে।
