১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার-আশুলিয়ায় ৮০ কারখানা বন্ধ, সংঘর্ষ-ভাঙচুরে ‘উসকানি’ দেখছে পুলিশ

এখন পর্যন্ত ১১৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 06:42 PM

Updated : 17 Nov 2026, 06:42 PM

কয়েকদিন পরিস্থিতি স্বাভাবিক থাকার পর ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল।

মঙ্গলবার সকাল থেকে শ্রমিকদের সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকরা আধা ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে, ভাঙচুর করে পোশাক কারখানাসহ সড়কের চলাচলরত যানবাহন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাভার ও আশুলিয়া অঞ্চলের ৮০টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ১১৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, সকালে আশুলিয়ার চারাবাগ এলাকায় কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করায় শ্রমিকরা সড়কে নেমে আসেন। পরে তারা শান্তিপূর্ণভাবে সেখান থেকে চলে যান। তবে একই সময়ে সাভারে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করায় শ্রমিকেরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন।

তিনি বলেন, “কিছু শ্রমিক সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিচ্ছে। এ ক্ষেত্রে সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাসের শেল ব্যবহার করা হচ্ছে। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে। বিভিন্ন কারখানায়ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কারখানার ফটকসহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে।”

তবে কতজন আহত হয়েছেন, সে তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ সুপার।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হেমায়েতপুরের বাগবাড়ি এলাকার ‘স্টারলিং গ্রুপ’ এর শ্রমিকরা কাজে যোগদান না করে আন্দোলনে নামেন। তারা হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

তবে এতেও শ্রমিকরা সড়ক না ছাড়লে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের ধাওয়া দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন।

ঘটনাস্থলে উপস্থিত দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি, সাভার) রাহাত খান বলেন, “এই এলাকার অন্য কোনো কারখানায় সমস্যা নেই, সবাই স্বাভাবিকভাবে কাজ করছে। শুধু এই একটি (স্টার লিং গ্রুপ) কারখানার শ্রমিকরাই ঝামেলা করছে। তবে এখানে পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।”

সকাল সাড়ে ১১টার দিকে এ কে এইচ গ্রুপের শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের কাঁদুনে গ্যাস ছুড়ে ছাত্রভঙ্গ করে দেয়।

পরে পৌনে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকা অবরোধ করে গাড়ি ভাঙচুর করেন ডেলিকেট গার্মেন্টস লিমিটেড শ্রমিকরা। তখন বাইরে থেকে ইট-পাটকেল ছুড়ে কারখানাটির জানালার সামনের কাঁচ ভাঙচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

দুপুর সাড়ে ১২টার দিকে সাভার হাইওয়ে থানার ওসি আলী আহমেদ বলেন, অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, “এই আন্দোলনে শুধু শ্রমিকরা নন, তাদের সঙ্গে বিভিন্ন সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের লোকজনও যুক্ত হয়েছেন। তারা শ্রমিকদের উসকানি দিয়ে এই গার্মেন্টস আন্দোলনকে আরও ভয়াবহ রূপ দেওয়ার চেষ্টা করছেন। আমরা কঠোর হস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি।

“সকাল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যানবাহন চলাচল বন্ধ এবং সড়ক অবরোধের চেষ্টা করা হয়েছে। আমরা তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছি। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ পর্যন্ত ১১৭ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। অচিরেই আমরা ঘটনার মূল হোতাদেরও গ্রেপ্তার করতে পারব।”

ওসি বলেন, “যারা শ্রমিকদের উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা আইনের মধ্যে থেকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সমাধানের চেষ্টা করছি। অচিরেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।”

অপরদিকে, আশুলিয়ার খেজুর বাগান এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিক সকালে কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বাইরে বেরিয়ে আসেন এবং সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। সে সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আশুলিয়ার আনোয়ার জং সড়কের চারাবাগ এলাকায় শ্রমিকরা অবরোধের চেষ্টা করলে পুলিশ কাঁদুনে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।

সকাল সাড়ে ১০টার দিকে কুমকুমারী এলাকার কারখানা শ্রমিকরা এসে বিক্ষোভ করলে আশপাশের সব কারখানা ছুটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, “সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করে। পরে কিছু কারখানার শ্রমিকরা বাইরে বেরিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খেজুর বাগান নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।