মজুরির আন্দোলনে ফের উত্তপ্ত সাভার-আশুলিয়া, পুলিশ-শ্রমিক সংঘর্ষ
হেমায়েতপুরের বাগবাড়ি এলাকার স্টারলিং গ্রুপের শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে এতেও শ্রমিকরা সড়ক না ছাড়লে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের ধাওয়া দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন।
এ সময় ঘটনাস্থলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান বলেন, এই এলাকার অন্য কোনো কারখানায় সমস্যা নেই সবাই স্বাভাবিকভাবে কাজ করছে। শুধু এই একটি (স্টারলিং গ্রুপ) কারখানার শ্রমিকরাই আন্দোলন করছে।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখানে পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়ন রয়েছে বলেও জানান তিনি। কয়েকদিন পরিস্থিতি স্বাভাবিক থাকার পর ন্যূনতম মজুরির আন্দোলনে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল।
মঙ্গলবার সকাল থেকেই শ্রমিকদের সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও পুলিশের সঙ্গে সংঘর্ষে এ অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। খেজুর বাগান-নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণার খবরও পাওয়া গেছে।
মঙ্গলবার সকালেই হেমায়েতপুরের বাগবাড়ি এলাকার স্টারলিং গ্রুপের শ্রমিকরা কাজে যোগদান না করে রাস্তায় আন্দোলনে নামার চেষ্টা করে বলে জানিয়েছেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান।
একপর্যায়ে তারা বাগবাড়ি মোড়ে অবস্থান নিয়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধে।
অপরদিকে, একই দাবিতে সকালে আশুলিয়ার খেজুর বাগান এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বাইরে বেরিয়ে আসেন এবং সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।
এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, শিল্প পুলিশসহ আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা রয়েছে। পাশাপাশি বিভিন্ন সড়কে টহলে আছে বিজিবি।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করে। পরে কিছু কারখানার শ্রমিকরা বাহিরে বেরিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খেজুর বাগান-নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে বলেও জানান এই শ্রমিক নেতা।
