০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মজুরি বৃদ্ধির আন্দোলন: সাভার-আশুলিয়া ও গাজীপুরে ৪০০ কারখানায় ছুটি ঘোষণা

এ ছাড়া আটটি কারখানায় ভাঙচুরের কথা জানিয়েছে শিল্প পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 06:05 PM

Updated : 02 Nov 2026, 06:05 PM

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলনে সহিংসতা ও ভাঙচুরের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় এবং গাজীপুরের শিল্পাঞ্চলের প্রায় ৪০০ কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এর মধ্যে সাভার ও আশুলিয়া অঞ্চলে ২৬৪টি এবং গাজীপুরে দেড় শতাধিক কারখানায় সোমবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া আটটি কারখানায় ভাঙচুরের কথা জানিয়েছে শিল্প পুলিশ।

আন্দোলনের মধ্যে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধারাবাহিক আন্দোলনের মধ্যে সোমবার বিকালে শিল্প পুলিশ-২ আশুলিয়া আঞ্চলের পুলিশ সুপার মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাভার-আশুলিয়া অঞ্চলে ২৬৪টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া পিকার্ড বাংলাদেশ লিমিটেড, আর্টিস্টিক ডিজাইন, জনরন সোয়েটার লিমিটেড, ফেরারী গার্মেন্টস লিমিটেড, ডেনিটেক্স লিমিটেড, আনলিমা টেক্সটাইল লিমিটেড, আল ইসলাম টেক্সটাইল লিমিটেড এবং জি কিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেডে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আর্টিস্টিক ফ্যাক্টরির সামনে শ্রমিকরা বিক্ষোভের সময় অগ্নিসংযোগ করেন।

অপরদিকে শিল্প পুলিশ-২ গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসেন দুপুরে বলেন, “আজও শ্রমিকরা বিক্ষোভ করছেন। বিক্ষোভকালে শ্রমিকরা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং বাস-ট্রাক ভাঙচুর করেছে। শ্রমিক আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানা ছুটি দেওয়া হয়েছে।”

এদিন সকাল থেকে কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থানের পাশাপাশি শিল্পাঞ্চলের কারখানাগুলোর ফটকেও সতর্ক অবস্থান নেয় পুলিশ ও শিল্প পুলিশ।

এদিকে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।

তবে সেখানে কোনো কারখানায় ছুটি দেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।

পুরনো খবর:

মজুরি বৃদ্ধির আন্দোলন: ইন্ধনদাতাদের তথ্য আছে, বলছে পুলিশ
মজুরি বৃদ্ধির আন্দোলন: গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সহিংসতায় ৩ মামলা: আসামি ৪ হাজার, গ্রেপ্তার ৩০
আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভের সময় কভার্ড ভ্যানে অগ্নিসংযোগ
৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার সড়কে নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা
মজুরি বৃদ্ধির দাবি: আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন