০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মজুরি বৃদ্ধির আন্দোলন: ইন্ধনদাতাদের তথ্য আছে, বলছে পুলিশ

সাভারের উলাইল এলাকার আল মুসলিম গ্রুপের সামনে ডিআইজি মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 05:42 PM

Updated : 02 Nov 2026, 05:42 PM

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে ‘যারা উসকানি ও ইন্ধন দিচ্ছে’ তাদের তথ্য পুলিশের কাছে আছে এবং সংগ্রহ করা হচ্ছে বলে ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান বলেছেন।

তিনি বলেছেন, “মজুরি বোর্ড গঠনের পরও যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, নিশ্চয়ই তাদের উদ্দেশ্য ভিন্ন। যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং হবে।

“যারা এরকম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, তাদের ইন্ধনদাতা কারা, যাবতীয় তথ্য কিন্তু পুলিশ সংগ্রহ করছে, তাদের কাছে আছে এবং তথ্য সংগ্রহ অব্যাহত আছে।”

ডিআইজি বলেন, “কারণ তাদের উদ্দেশ্য তো ভিন্ন। শ্রম সেক্টরের উদ্দেশ্য তাদের না, তাদের উদ্দেশ্য অন্যকিছু। কোনো মতেই তাদের উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না। এক্ষেত্রে যা যা দরকার, আইনের মধ্য থেকে সবকিছুই পুলিশ গ্রহণ করবে।”

তৈরি পোশাক শ্রমিকদের ধারাবাহিক আন্দোলনের মধ্যে সোমবার বিকালে সাভারের উলাইল এলাকার আল মুসলিম গ্রুপের সামনে ডিআইজি মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় সেখানে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, “গতকালকে কিছুটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছিল। আজকে সকাল থেকে কিন্তু আমরা পুরো নিরাপত্তা দিয়ে রেখেছি। আজকে কিন্তু কোনো গার্মেন্টসে হামলা হওয়ার সুযোগ ছিল না। আমরা কঠোর হস্তে এটা দমন করেছি।”

উসকানি ও ইন্ধনদাতাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে ঢাকা জেলা পুলিশ সুপার বলেন, “বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র দেশীয় এবং বিদেশী, আপনারা এখান থেকে নিবৃত্ত হন। আমরা আইনশৃঙ্খলা রক্ষাতে, জনগণের জানমালের নিরাপত্তায়, বাংলাদেশকে রক্ষার স্বার্থে আমরা কাজ করছি।

“আমাদের গার্মেন্টস মালিক যারা আছেন, আমাদের শ্রমিক ভাই-বোনরা যারা আছেন, তাদের উদ্দেশে বলব, আমাদের দেশকে অর্থনৈতিকভাবে সুন্দর রাখতে হলে, আইনশৃঙ্খলা ঠিক রাখতে হলে আপনারা কাজে ফিরে আসুন, নিরাপত্তার দায়িত্ব আমাদের।”

তবে ডিআইজি ও পুলিশ সুপার দুজনই গার্মেন্ট ছুটি বা বন্ধের ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি।

এ ব্যাপারে পুলিশ সুপার বলেন, “আমরা যতটুকু জানি, যে গার্মেন্টসগুলো বন্ধ হয়েছে, আসলে ছুটি দিয়ে দিয়েছে তারা নিজে। এমন না যে, নিরাপত্তার কারণে তারা ছুটি ঘোষণা করেছে।”

আরও পড়ুন:

মজুরি বৃদ্ধির আন্দোলন: গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সহিংসতায় ৩ মামলা: আসামি ৪ হাজার, গ্রেপ্তার ৩০

আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভের সময় কভার্ড ভ্যানে অগ্নিসংযোগ

৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার সড়কে নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা

মজুরি বৃদ্ধির দাবি: আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন