কাঁঠালবাগানে গ্যাসের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
রাজধানীর কাঁঠালবাগানের একটি বাসায় অগ্নিকাণ্ডে পাঁচজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিসের এক বার্তায় জানানো হয়।
এতে বলা হয়, ‘কাঞ্চন টাওয়ার’ নামের দশতলা আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাসের লিকেজ থেকে আগুন লাগে। সকাল সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মিনিট পনেরোর মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ইউনিট পৌঁছানোর আগেই আগুনে তিনজন দগ্ধ হন। স্থানীয়রা তাদের হাসপাতালে নেন।
আমাদের ঢাকা মেডিকেল প্রতিনিধি জানান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার এ ঘটনায় পাঁচজন দগ্ধ হওয়ার তথ্য দিয়েছেন।
চিকিৎসক বলেছেন, দগ্ধদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
