কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন: মায়ের মৃত্যু, আশঙ্কাজনক দেড় বছরের সন্তান ও স্বামী
শিশুটির শরীরের ৫৭ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা বেশি আশঙ্কাজনক।
রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে শতভাগ দগ্ধ হওয়া গৃহবধূ সাবা (৩০) মারা গেছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।
এই দুর্ঘটনায় দগ্ধ সাবার দেড় বছর বয়সী সন্তান আরএস রহমান, স্বামী আবদুর রহমানসহ আরও ৪ জন বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা বলছেন, শিশুটির শরীরের ৫৭ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঠালবাগান এলাকার ‘কাঞ্চন টাওয়ার’ নামে দশতলা আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাসের লিকেজ থেকে আগুন লাগে। এ ঘটনায় সাবাসহ তার পরিবারের ৫ জন দগ্ধ হন। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার পরপরই দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার বলেন, “দগ্ধ ৫ জনের মধ্যে সাবার শরীরের ১০০ শতাংশই পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অপর আহতরা হলেন- সাবার স্বামী আবদুর রহমান (২৯), সানজিদা (২০), শামসুন নাহার (৫০)। শামসুন নাহার মেয়ে সানজিদাকে নিয়ে ওই বাসায় সাবলেট থাকতেন।
এর মধ্যে আবদুর রহমানের শরীরের ৬ শতাংশ, সানজিদার শরীরের ৩৭ শতাংশ ও শামসুন নাহার (৫০), তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া তাদের প্রত্যেকেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডা. সুলতান মাহমুদ বলছেন, শিশু রহমানসহ চিকিৎসাধীন ৪ জনের অবস্থাই আশঙ্কাজনক। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
