১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

নড়াইলে সাড়ে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পালালেন স্বামী

চৌকির কোণে রাখা লেপ দিয়ে মোড়ানো প্লাস্টিক ব্যাগ থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 11:19 AM

Updated : 11 Nov 2026, 11:19 AM

নড়াইলের লোহাগড়ায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় তার স্বামী পলাতক।

মঙ্গলবার বিকালে উপজেলার পাঁচুড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রাত ৯টার দিকে জানিয়েছেন ডিএনসি নড়াইল জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার।

গ্রেপ্তার সাবানা খানম (৩২) গৃহিণী ও তারা স্বামী ফারুক খান (৪০) রাজমিস্ত্রীর কাজ করেন।

ডিএনসি কর্মকর্তা গোলক মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি নড়াইলের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল মঙ্গলবার বিকালে ফারুক খানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন।

এ সময় চৌকির কোণে রাখা লেপ দিয়ে মোড়ানো প্লাস্টিক ব্যাগে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় সাবানা বেগমকে আটক করা হলেও তার স্বামী ফারুক পালিয়ে যান।

সাবানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ডিএনসি কর্মকর্তা বলেন, স্বামী-স্ত্রী পরস্পর যোগসাজশে এক বছর ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বেচাকেনা চালিয়ে আসছেন।

এ ঘটনায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে। ফারুক খানকে গ্রেপ্তার অভিযান চলছে বলেও জানান গোলক মজুমদার।