২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির কাছে রাখা বাসে আগুন

ওসি বলেন, ক্ষতিগ্রস্ত ভূঁইয়া পরিবহনের বাসটি ঢাকায় চলাচল করত। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মেরামতের জন্য সেখানে এনে রেখেছিলেন মালিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 10:52 AM

Updated : 22 Nov 2026, 11:21 AM

মানিকগঞ্জ সদরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের বাড়ির কাছে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে।

শনিবার রাত সোয়া ১২টার দিকে সদর উপজেলার গড়পাড়া নিউ মডেল উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মানিকগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন।

স্থানীয়দের বরাতে সদর থানা ওসি মো মনির হোসেন বলেন, গড়পাড়া বিদ্যালয় সামনে এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের বাড়ির সামনে রাখা বাসে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মানিকগঞ্জ সদর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সজিব বিশ্বাস রোববার সকালে বলেন, রাত সোয়া ১২টার দিকে তারা গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে আগুন লাগার খবর পান। পরে স্থানীয়দের সহযোগিতা এবং তাদের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পুড়ে যাওয়া বাসটিতে তিনলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেন তিনি।

সদর থানার ওসি বলেন, ক্ষতিগ্রস্ত ভূঁইয়া পরিবহনের বাসটি ঢাকায় চলাচল করত। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মেরামতের জন্য তিন দিন আগে বাসটির মালিক সেটি ওই স্থানে এনে রেখেছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা নিশ্চিতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

মানিকগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সাথে সাথে ঘটনাস্থলে আসে। যে কোনো বিশৃঙ্খলা-নাশকতা ঠেকাতে সারা জেলায় পেট্টোল কার্যক্রম জোরদার করা হয়েছে।