নরসিংদীতে ট্রাকের সংঘর্ষে অটোরিকশার যাত্রী নিহত, আহত ৫
সিমেন্টবাহী একটি ট্রাক মনোহরদীর দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ইটাখোলাগামী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।
নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও পাঁচ যাত্রী।
শনিবার সকাল ১০টায় ইটাখোলা-কটিয়াদি সড়কের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার ওসি মো. কোহিনূর মিয়া।
নিহত মিনারা বেগম (৬০) মনোহরদা উপজেলার নাদাইল গ্রামের রাজিউদ্দিনের স্ত্রী। আহত যাত্রীরা হলেন শরীফ (৩৭), জিনিয়া (৩৫), সৌরভ (২৭), কাউসার (১৫) ও জান্নাতুল (৭)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সিমেন্টবাহী একটি ট্রাক মনোহরদীর দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ইটাখোলাগামী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়।
এসময় অটোরিকশায় থাকা যাত্রীর মধ্যে মিনারা বেগম ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় লোকজন এক শিশুসহ পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ওসি কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও অটোরিকশাসহ মরদেহ উদ্ধার করেছে।
