২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কম্বোডিয়ায় আটকে দেড় শতাধিক বাংলাদেশি, দিন কাটছে অনাহারে-অর্ধাহারে

“এখন বাড়ি থেকে টাকা এনে এনে রুম ভাড়া দিচ্ছি, খাওয়া-দাওয়া সব, বাড়ি থেকে টাকা আনি।”

কম্বোডিয়ায় আটকে দেড় শতাধিক বাংলাদেশি, দিন কাটছে অনাহারে-অর্ধাহারে

প্রতীকী ছবি।

মাছুম কামাল মাছুম কামাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 11:56 PM

Updated : 22 Nov 2026, 11:56 PM

বায়োমেট্রিক জটিলতা আর ফ্লাইট সংকটে কম্বোডিয়ায় আটকে আছেন অন্তত দেড় শতাধিক বাংলাদেশি, যারা চাকরির জন্য সেখানে গিয়ে কেউ কেউ প্রতারণা ও মানব পাচারের শিকার হয়েছেন।

ভিসার মেয়াদ শেষ হওয়া, জরিমানা মওকুফ ও সাক্ষাৎকারের মতো আনুষ্ঠানিকতা শেষ করেও দেশে ফিরতে পারছেন না তারা।

অর্থসংকট সেখানে এসব কর্মীর দিন কাটছে অনাহারে-অর্ধাহারে।

কম্বোডিয়ায় বাংলাদেশের দূতাবাস না থাকায় থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে।

ব্যাংককে বাংলাদেশের রাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস বলেছেন, দূতাবাসের পক্ষ থেকে প্রতিদিন এসব কর্মীর ফেরার বিষয়টি তদারকি করা হচ্ছে, তবে বাণিজ্যিক ফ্লাইটে আসন সংকটের কারণে ফিরতে বিলম্ব হচ্ছে।

ভুক্তভোগীদের দুর্দশা

কম্বোডিয়ার রাজধানী নম পেন থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে একটি ভাড়া বাসায় একসঙ্গে থাকছেন ফেনীর মিজানুর রহমান, রাজবাড়ীর মো. রাকিবুল ইসলাম রাকিব ও লক্ষ্মীপুরের তানভীর হোসেন।

টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন তারা।

ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা মিজানুর রহমান বলেন, “আজকে চার মাস অনাহারে মরতেছি এখানে। রুম একটাতে থাকি, আমাদেরকে বাসা থেকে টাকা দিলে খাই। বাসা থেকে বিশ্বাস করে না আমাদেরকে, কত আনব? আমরা যদি স্বাবলম্বী হইতাম এদেশে আসতাম নি?”

শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ার কথা জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “খাওয়া-দাওয়ায় যথেষ্ট কষ্ট করতেছি, এক বেলা কোনোমতে খাইতেছি। এক কম্বোডিয়ানের বাসা ভাড়া লইয়া আছিলাম, আছি এখানে। এই কোনোমতে খালি বাঁচি রইছি, ডেইলি এক বেলা খাই, ভাত চারটা সিদ্ধ করে খাই, এছাড়া আর কোনো উপায় নাই।”

রাজবাড়ীর কাউরিয়া গ্রামের রাকিবুল ইসলাম গত বছর ২৭ এপ্রিল সাড়ে ৪ লাখ টাকা খরচ করে কম্বোডিয়ায় যান। সেখানে নির্মাণ ও বৈদ্যুতিক শ্রমিক হিসেবে কাজ করলেও নিয়মিত কাজ পেতেন না।

তিনি বলেন, “এখানে এসে, কাজ দিছে, মনে করেন যে, এদেশে এক মাস কাম থাকলে দুই মাস কাম থাকে না। এখন বাড়ি থেকে টাকা এনে এনে রুম ভাড়া দিচ্ছি, খাওয়া-দাওয়া সব, বাড়ি থেকে টাকা আনি। খাওয়া-দাওয়ার সমস্যা হচ্ছে। শুধু রুম ভাড়াই ১২০ ডলার।”

Image

কম্বোডিয়ার বন্দি দশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি গেল অক্টোবরে দেশে ফেরেন।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও এলাকার তানভীর হোসেন বলেন, জমি বিক্রি করে ৫ লাখ টাকা দিয়ে গতবছর ৬ অক্টোবর কম্পিউটারের কাজের জন্য তিনি কম্বোডিয়ায় গিয়েছিলেন।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তানভীর বলেন, “এখানে আসার পর আমারে ক্যাসিনোতে বিক্রি করে দিছে। কম্পিউটারের কাজ বলে ক্যাসিনোতে আমারে পাঁচ মাস এক কোম্পানি থেকে আরেক কোম্পানি—আমাকে সর্বোচ্চ ৪ হাজার ডলার পর্যন্ত বিক্রি করা হইছে। এই চার মাস বসে থাকি আরও ২ লাখ টাকা আনতে হইছে আমার।”

পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, “আমাদের খাওয়া-দাওয়া খুব কষ্ট করতেছি, কোনো পথ পাইতেছি না। গতকালকে একজন মারা গেছে অলরেডি, আমরাও মৃত্যুশয্যায়। আমাদের পরিস্থিতি দেখলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না।”

দুই বছর আগে ৪ লাখ ৯০ হাজার টাকা খরচ করে কম্বোডিয়ায় যাওয়া মুন্সীগঞ্জের এক তরুণও একই দুর্দশায় দিন কাটাচ্ছেন। একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করলেও সেটি বন্ধ হয়ে যাওয়ায় তিন-চার মাস ধরে তিনি কর্মহীন হয়ে পড়েছেন।

বাড়ি থেকে টাকা এনে কোনোমতে দিন পার করার কথা তুলে ধরে মুন্সীগঞ্জের ওই তরুণ বলেন, “কামাল সাহেবের (কম্বোডিয়ায় থাকা বাংলাদেশি) কাছে টাকা জমা দেওয়া—৪৩৫ ডলার করে। তো আজকে প্রায় চার মাসের মতন হয়ে গেছে, আমরা এখনো যাইতে পারতেছি না।”

বায়োমেট্রিক ও ফ্লাইট জটিলতা

ভুক্তভোগীদের ভাষ্য, কম্বোডিয়ায় বাংলাদেশ দূতাবাস না থাকায় ব্যাংকক দূতাবাসের নির্দেশনা অনুযায়ী তারা জরিমানা মওকুফের আবেদন করেন। জরিমানা মওকুফের পর তারা দেশে ফেরার টিকিটও কাটেন। তবে এর মধ্যে একটি ফ্লাইটের ৩২ জনকে বিমানবন্দর থেকে আটক করে কারাগারে পাঠানো হলে অন্যদের টিকিট বাতিল করতে বলা হয়, তাতে তাদের অর্থের ক্ষতি হয়।

পরবর্তীতে কম্বোডিয়ায় থাকা কামাল নামের এক ব্যক্তির মাধ্যমে তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয় এবং প্রত্যেকের কাছ থেকে ৪৩৫ থেকে ৪৫০ ডলার নেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

মিজানুর রহমান বলেন, ৪ নভেম্বর প্রথম সাক্ষাৎকার নেওয়া হয় তাদের। তখন ১৮ জন সাক্ষাৎকার দেন। তার মধ্যে ১১ জনকে টিকেট দেওয়া হয়েছে, তাদের দেয়নি।

যারা টিকেট পেয়েছিলেন তাদেরকেও বিমানবন্দরে যাওয়ার পরে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “ফিরাই দিছে, নাকি ফিঙ্গারপ্রিন্ট, বায়োমেট্রিক বাকি রইছে, সেটা দিতে হইব। তারপরে নিয়া যাইব। এই অজুহাত দেখায়। এখন আজকে প্রায় গত ২০-২৫ দিন শুধু ইন্টারভিউ নিতেছে। বায়োমেট্রিক ছাড়া যে ইন্টারভিউ, ওটাই নিতেছে।”

একই অভিযোগ করে রাকিবুল ইসলামও বলেন, “দুইবার টাকা দিছি। একবার টিকিটের টাকা মাইর গেছে। আরেকবার ৪৩৫ ডলার দিছি। ইন্টারভিউ নিছে। আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নেয় নাই, চোখের স্ক্যান নেয় নাই। এর জন্য মনে করেন যে আমাদের আটকে রাখছে, এখনো পাঠাচ্ছে না দেশে। ফোন দিলে বলে এখনো ইমিগ্রেশন থেকে তারিখ দিচ্ছে না। শুধু খালি তারিখের পর তারিখ দিচ্ছে।”

তানভীর হোসেন বলেন, “যখন ৭১ জন গিয়েছিল তারপরেই আমরা যেয়ে টাকা দিছি, আমগোরে বলছে দুই দিনের মধ্যে আমগো ইন্টারভিউ করাবে। ওই ইন্টারভিউটা হইছে দুই মাস পরে। ইন্টারভিউর পরেও এখনো আমাদেরকে দেশে পাঠাইতে পারতেছে না। ফোন দিলে রাগ হয়ে যায়। ‘আমরা কি তোমাদের দায়িত্ব নিছি’-এই ধরনের কথা বলে।”

Image

কম্বোডিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ফলে এ বছরের জুন মাসেই সেখান থেকে ৫৮৩ জন বাংলাদেশি ভুক্তভোগী দেশে ফেরেন।

প্রতারণার চিত্র

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি) পোর্টালের তথ্য বলছে, গত দুই বছরে চাকরির আশায় কম্বোডিয়ায় পাড়ি দিয়েছেন ১৬ হাজার ৩৬০ জন বাংলাদেশি।

অভিবাসন নিয়ে কাজ করা সংগঠনগুলোর তথ্য বলছে, কম্বোডিয়ায় বাংলাদেশ দূতাবাস না থাকার পরও বিএমইটির ছাড়পত্র নিয়ে সেখানে যাওয়া কর্মীদের বড় একটি অংশ প্রতারণা ও মানব পাচারের শিকার হয়েছেন।

ভালো বেতনের চাকরির প্রলোভনে নিয়ে গিয়ে তাদের অনেকেরই পাসপোর্ট কেড়ে নিয়ে সাইবার স্ক্যাম সেন্টারে আটকে রাখা হয়। সেখানে ‘ফিশিং লিংক’ দিয়ে অর্থ দাবি, প্রতারণা ও ‘হানিট্র্যাপের’ মতো সাইবার অপরাধে বাধ্য করা হয় এবং কাজ করতে অস্বীকৃতি জানালে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।

এমনকি দেশে ফিরতে চাইলে জিম্মি করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ বা বাড়তি অর্থ আদায়ের ঘটনাও ঘটেছে। তবে এ বছর কম্বোডিয়ায় আটকে পড়া কর্মীদের মধ্যে ঠিক কত দফায় মোট কতজন দেশে ফিরেছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

Image

কম্বোডিয়ার একটি স্ক্যাম সেন্টার। ছবি: রয়টার্স

যা বলছেন রাষ্ট্রদূত

এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকে পড়া বাংলাদেশিদের ফেরানোর বিষয়টি দূতাবাসের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

তিনি বলেন, “আমরা সব সময় চেষ্টা করছি এটা নিয়ে, কনস্ট্যান্টলি। ওনাদের যদি সবকিছু ফরমালিটি কমপ্লিট হয়ে গিয়ে থাকে—ইনক্লুডিং ইন্টারভিউ এবং ইন্টারভিউর পরে যদি ওনাদেরকে ক্লিয়ারেন্স দিয়ে থাকে কম্বোডিয়ান অথরিটি, তাহলে ওনারা নিশ্চয়ই (ফিরবেন)।

“এখন কথা হচ্ছে ফ্লাইট যদি না পান, আমাদের খুব কিছু করার আছে, তা না। কারণ ওদের তো কমার্শিয়াল ফ্লাইটে আসতে হয়। ফ্লাইটে যদি সিট অ্যাভেইলেবল না থাকে, তাহলে আমাদের খুব কিছু করার থাকে না। ওদেরকে একটু ওয়েট করতে হবে সিট অ্যাভেইলেবিলিটির জন্য, নিশ্চয়ই ওনারা চলে আসবেন। এখানে তো স্পেশাল চার্টার ফ্লাইটও নাই, সবার তো রেগুলার ফ্লাইটেই আসতে হচ্ছে।”

দূতাবাসের তদারকির বিষয়ে রাষ্ট্রদূত বলেন, “অলমোস্ট প্রত্যেক দিনই জহির ইমাম (শ্রম কল্যাণ উইং কর্মকর্তা) একবার করে ফলো-আপ করেন, আমি ফলো-আপ করি, আমাদের অন্য কলিগ যারা আছেন, কলিগরা সবাই ফলো-আপ করেন। এটা আমাদের টপ প্রায়োরিটি।”

নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে টিকিট কাটা ও বাড়তি অর্থ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে আন্দালিব ইলিয়াস বলেন, “টিকিট তো ওনারা নিজেরা বা ওনাদের আত্মীয়-স্বজন যেভাবে হোক করে দিচ্ছেন। এটা তো আমরা দিতে পারব না। টিকিট তো যার যার খরচে তারা ফেরত আসছেন।

“কেউ যদি বলে থাকেন যে দূতাবাস বলেছে অমুকের সঙ্গে যোগাযোগ করে টিকিট করতে হবে, এটা উনি একদমই একটা অসত্য কথা বলেছেন। আমরা কাউকে রেকমেন্ড করছি না যে আপনি ওনার কাছ থেকে টিকিট কাটেন। এটা ওখানে ওনারা যার কাছ থেকে ভালো পাবেন তারা টিকেটটা নেবেন।”

কম্বোডিয়ায় বাংলাদেশের দূতাবাস না থাকায় কাজের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা তৈরি হয় তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, প্রবাসী কমিউনিটির মধ্যে অভ্যন্তরীণ বিভক্তি ও দলাদলির কারণেও অনেক সময় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ ওঠে।

পুরোনো খবর:

স্ক্যাম সেন্টার: কম্বোডিয়ায় ‘বন্দি’ ৩২ জনের খোঁজ চায় পরিবার

কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি, অপেক্ষায় আরও ১৮০০ জন

স্ক্যাম কম্পাউন্ডের ফাঁদ: বিদেশে হয়েছিলেন 'বিক্রি', দেশে ফিরে ফেরারি