ফিজিতে চাকরির প্রলোভন: শ্রীলঙ্কা কি মানবপাচারের নতুন পথ?
“এখন দালালরা ফোন ধরে না, খাবার বা হোটেল ভাড়ার টাকাও দিচ্ছে না।”
ফিজি কিংবা ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি কর্মীদের প্রথমে নেওয়া হচ্ছে শ্রীলঙ্কায়। বলা হচ্ছে, সেখানে মাত্র কয়েক দিনের ‘ট্রানজিট’ শেষে তাদের তুলে দেওয়া হবে কাঙ্ক্ষিত গন্তব্যের ফ্লাইটে। কিন্তু শ্রীলঙ্কায় নেওয়ার পর ভুয়া ভিসা ও বুকিং টিকিট ধরিয়ে দিয়ে কর্মীদের ফেলে রেখে সটকে পড়ছে দালালচক্র।
ভুক্তভোগীদের ভাষ্যে ও মানবাধিকার সংগঠনের পর্যবেক্ষণে উঠে এসেছে, শ্রীলঙ্কাকে ‘ট্রানজিট রুট’ হিসেবে ব্যবহার করে প্রতারণামূলক অভিবাসন ও মানবপাচারের একটি নতুন জাল বিস্তার করেছে অসাধু চক্র।
এ চক্রের খপ্পরে পড়ে বর্তমানে কলম্বোর বিভিন্ন হোটেলে মানবেতর জীবন কাটাচ্ছেন কুড়িগ্রামের রাশেদ হোসেন, কুষ্টিয়ার মাসুদসহ অন্তত ৪০ বাংলাদেশি। আর জরিমানা গুনে ও শেষ সম্বল বিক্রি করে নিঃস্ব অবস্থায় দেশে ফিরেছেন মাদারীপুরের পল্লব বোস, গোপালগঞ্জের গোবিন্দ বিশ্বাসের মতো অনেকে।
এ পরিস্থিতিতে শ্রীলঙ্কাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে সম্ভাব্য মানবপাচার রোধে ‘আগাম সতর্কতা’ (আর্লি ওয়ার্নিং) জানিয়ে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীকে স্মারকলিপি দিয়েছে মানবপাচারের শিকার ব্যক্তিদের সংগঠন ‘অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন’।
অনিশ্চয়তা শুরু শ্রীলঙ্কা থেকে
ফিজির ‘টাপকো’ কোম্পানিতে প্যাকেজিংয়ের কাজের কথা বলে তিন মাস আগে (গত ১৭ অগাস্ট) শ্রীলঙ্কায় নেওয়া হয় কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাসিন্দা রাশেদ হোসেনকে। তার ভাষ্য, গ্রামের এক পরিচিত দালালের মাধ্যমে ব্যাংক ও নগদ মিলিয়ে মোট আট লাখ টাকা দিয়েছেন।
এই টাকা জোগাড় করতে চাষাবাদের পাওয়ার টিলার, ভুট্টা মাড়াইয়ের যন্ত্র ও তিনটি সেচপাম্প বিক্রির পাশাপাশি চার লাখ টাকা ঋণ করতে হয়েছে তাকে।
কলম্বো-১৩ এলাকার ‘মেট্রো পোর্ট সিটি’ হোটেল থেকে মোবাইলে রাশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক মাস ভালো সম্পর্ক রাখার পর দালালরা যোগাযোগ বন্ধ করে দেয়। এখন ফোন ধরলেও শুধু সময় চায়।
“আমাদের হোটেলে চারজন আছি, বিমানবন্দরের পাশের আরেক হোটেলে ১৮ জন—সব মিলিয়ে আমাদের পরিচিত ৪০ জনের মতো বাঙালি এখানে আটকা পড়ে আছে।”
একই হোটেলে দুই মাস ধরে আটকে আছেন কুষ্টিয়ার মিরপুরের বাসিন্দা মো. মাসুদ। তাকেও ফিজিতে নেওয়ার কথা বলে পাঁচ থেকে সাত দিনের ট্রানজিটের নামে শ্রীলঙ্কায় নেওয়া হয়।
মাসুদ বলেন, “নিজের জমানো দেড় লাখ ও বোনের কাছ থেকে এক লাখ টাকা নেওয়ার পাশাপাশি বাকি সাড়ে চার লাখ টাকা চড়া সুদে কিস্তিতে ঋণ নিয়ে দালালকে সাত লাখ টাকা দিয়েছি। পরে বুঝতে পারি আমাদের ভিসাগুলো ভুয়া ছিল।
“এখন দালালরা ফোন ধরে না, খাবার বা হোটেল ভাড়ার টাকাও দিচ্ছে না। দেশে ফিরব নাকি এখানে না খেয়ে মরব, বুঝতে পারছি না।”
নিঃস্ব হয়ে ফিরেছেন পল্লব ও গোবিন্দ
কলম্বোর ওই একই হোটেলে রাশেদ ও মাসুদের সঙ্গে ছিলেন মাদারীপুরের কদমবাড়ী ইউনিয়নের পল্লব বোস ও তার মামাতো ভাই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গোবিন্দ বিশ্বাস। প্রায় দুই মাস আটকে থাকার পর জমি ও গবাদিপশু বিক্রি করে গত ২৩ অক্টোবর দেশে ফেরেন তারা।
পল্লব জানান, গোপালগঞ্জের কোটালীপাড়ার দালাল রাব্বি হাসান তানভীর ও কিশোরগঞ্জের সুলতান নামে দুই ব্যক্তি তাদের তিন দিনের ট্রানজিটের কথা বলে শ্রীলঙ্কায় পাঠান। সেখানে নেওয়ার পর চার-পাঁচবার ভুয়া বুকিং টিকিট দেখিয়ে সময় ক্ষেপণ করা হয়। এর মধ্যে শ্রীলঙ্কার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ৮০০ ডলার জরিমানা করে।
গোবিন্দ বিশ্বাস বলেন, “দালালরা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর বাড়ি থেকে গরু-বাছুর আর সামান্য জমি বেচে টাকা পাঠালে জরিমানা ও টিকিটের খরচ মিটিয়ে দেশে ফিরি। দুইজনের প্রায় ১৮ লাখ টাকা শেষ হয়ে গেছে।”
দালাল রাব্বি হাসান তানভীর ও সুলতানের বক্তব্য জানতে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের নম্বর বন্ধ পাওয়া যায়।
দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি
ভুক্তভোগীদের এই অভিজ্ঞতার সঙ্গে মিল পাওয়া গেছে ‘অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন’-এর পর্যবেক্ষণেও। মঙ্গলবার সংগঠনটির সভাপতি আল-আমিন নয়ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে স্মারকলিপি দিয়েছেন, তাতে বলা হয়—কেবল ফিজি নয়, ইউরোপের বিভিন্ন দেশ সার্বিয়া, আলবেনিয়া ও বসনিয়ায় চাকরির প্রলোভন দেখিয়েও কর্মীদের শ্রীলঙ্কায় নিয়ে ফেলে রাখা হচ্ছে।
স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে কলম্বোর রণমাল রোড, কাটুনায়েক ও কলম্বো-১৩ এলাকায় বহু বাংলাদেশি কর্মী খাদ্য, নিরাপদ আবাসন ও অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। এ ধরনের ঘটনা কেবল অভিবাসন অনিয়ম নয়, বরং সংঘবদ্ধ মানবপাচার ও শোষণের গুরুতর ঝুঁকির ইঙ্গিত দেয়।
পরিস্থিতি মোকাবিলায় সংগঠনটির পক্ষ থেকে ৯ দফা জরুরি দাবি জানানো হয়েছে।
এর মধ্যে রয়েছে—কলম্বোয় বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে আটকে পড়া কর্মীদের দ্রুত শনাক্ত ও প্রত্যাবাসন, দেশে ফেরার আগ পর্যন্ত জরুরি মানবিক ও আইনি সহায়তা প্রদান, জড়িত দালাল ও রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স তদন্ত করে মানবপাচার আইনে ব্যবস্থা নেওয়া এবং শ্রীলঙ্কাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার রোধে দেশের বিমানবন্দরগুলোতে নজরদারি জোরদার করা।
স্মারকলিপির অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগেও (সিআইডি) পাঠানো হয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, বর্তমানে ফিজিতে প্রায় আট হাজার বাংলাদেশি কর্মরত রয়েছেন। চলতি বছরেই আরও তিন হাজার ৩০০ কর্মী দেশটিতে গেছেন। শ্রমবাজারটি মোটামুটি প্রচলিত হওয়ায় সেটি নিয়ে নানা প্রলোভন দেখানোর সুযোগ নিচ্ছে দালালরা।
জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্মারকলিপি দেওয়ার বিষয়টি এখনো আমার নলেজে নেই। দপ্তরে দিয়ে থাকতে পারে, তবে আমি এখনো জানতে পারিনি।
“আমাদের কোনো নাগরিক যদি কোথাও এভাবে প্রতারণা বা এমন পরিস্থিতির শিকার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের দায়িত্ব রয়েছে। স্মারকলিপি দিয়ে থাকলে সেটি পরীক্ষা করে এ বিষয়ে বলতে পারব।”
এ বিষয়ে শ্রীলঙ্কার কলম্বোর বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর সমাপন বড়ুয়া মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখনো এ বিষয়ে কিছু জানি না। আমরা খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করে ব্যবস্থা নেব।”
