১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ভোলার বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষ, ৩ লাখ খরচে ৮ লাখ লাভের আশা

কৃষকেরা জানান, এ পদ্ধতিতে সেচের পানি, শ্রমিক ও কীটনাশকের খরচ কম লাগে।

ভোলার বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষ, ৩ লাখ খরচে ৮ লাখ লাভের আশা

ভোলার চরফ্যাশন উপজেলার তেঁতুলিয়া নদীর উপকূলবর্তী মুজিবনগর চরে আগাম তরমুজ কাটা ও সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 04:05 PM

Updated : 13 Nov 2026, 04:05 PM

ভোলার চরফ্যাশন উপজেলায় নদীর বালুময় চরে ‘মালচিং’ পদ্ধতিতে আগাম তরমুজ চাষ করে লাভের আশা করছেন কৃষকেরা। আগে তরমুজ চাষ করে লোকসান হলেও এবার এ পদ্ধতিতে খরচ কমেছে, বেড়েছে ফলন। ভালো দাম পাওয়ায় খুশি তারা।

উপজেলার মুজিবনগর এলাকার তেঁতুলিয়া নদীর চরে শতাধিক কৃষক এ পদ্ধতিতে তরমুজ চাষ করেছেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা।

তাদের একজন আবদুস সালাম। তিনি ১৫০ শতাংশ জমিতে তরমুজ চাষে প্রায় তিন লাখ টাকা খরচ করে আট লাখ টাকা লাভের আশা করছেন।

তেঁতুলিয়া নদীর চরজুড়ে এখন তরমুজের সবুজ লতা। জমির বেডগুলো মালচিং পেপার দিয়ে ঢাকা। পাতার আড়ালে বড় হচ্ছে বিভিন্ন জাতের তরমুজ। ভালো ফলন হওয়ায় ক্ষেত থেকেই পাইকারদের কাছে তরমুজ বিক্রি করছেন কৃষকেরা। এসব তরমুজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।

স্থানীয় কৃষক বেলাল কাজী, জাফর কাজী, মনির হোসেন, জহির উদ্দীন ও জাকির হোসেন বলেন, আগে তরমুজ চাষ করে তেমন লাভ হতো না। কয়েক বছর ধরে লোকসান গুনতে হয়েছে। এবার মালচিং পদ্ধতিতে চাষ করে খরচ কমেছে, ফলনও ভালো হয়েছে। তাই তারা লাভের আশা করছেন।

কৃষকেরা জানান, এ পদ্ধতিতে সেচের পানি, শ্রমিক ও কীটনাশকের খরচ কম লাগে। জমিতে লবণাক্ততা থাকলেও ফসল নিয়ে আগের মতো দুশ্চিন্তা করতে হয় না।

মালচিং পদ্ধতিতে জমিতে উঁচু বেড তৈরি করে বিশেষ ধরনের পলিথিন বা মালচিং পেপার দিয়ে ঢেকে দেওয়া হয়। এ পেপারের এক পাশ কালো, অন্য পাশ রুপালি। কালো অংশ নিচে ও রুপালি অংশ ওপরে রেখে জমি ঢেকে দেওয়া হয়। এতে মাটির আর্দ্রতা দীর্ঘ সময় থাকে। ফলে সেচের পানি কম লাগে। পাশাপাশি আগাছা জন্মাতে পারে না এবং পোকামাকড়ের আক্রমণও কম হয়।

Image

চরফ্যাশনের মুজিবনগর চরে তেঁতুলিয়া নদীর উপকূলঘেঁষা বিস্তীর্ণ মাঠে আগাম তরমুজের বাম্পার ফলন ঘিরে ফসল সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।

কৃষক ফারুক শিকদার বলেন, জমিতে বেড তৈরির পর চিকন নালার মাধ্যমে গাছের গোড়ায় পানি দেওয়া হয়। এতে পানির অপচয় কমে। এ পদ্ধতিতে খরচ ও শ্রম কম লাগে বলে কৃষকদের আগ্রহ বাড়ছে।

কৃষক আবদুস সালাম বলেন, ১৫০ শতাংশ জমিতে তরমুজ চাষে তার প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। ফলন ও বাজারদর ভালো থাকলে আট লাখ টাকা লাভ হতে পারে।

তিনি বলেন, “বর্ষার শেষ সময়ে বিগ ফ্যামিলি, সুইট ফ্যামিলি, জুপিটার, গ্রেট কিং ও গ্রেট ওয়ান জাতের তরমুজ চাষ করে ভালো সাড়া পেয়েছি। আগাম চাষ করায় বাজারেও ভালো দাম পাওয়া যাচ্ছে।”

কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন, মুজিবনগর এলাকার উপকূলীয় চরে প্রায় ৬৪ দশমিক ৭৫ হেক্টর জমিতে শতাধিক কৃষক আগাম তরমুজের আবাদ করেছেন। প্রতিটি তরমুজ গড়ে প্রায় ২০০ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। উৎপাদিত তরমুজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে।

তিনি বলেন, এ পদ্ধতিতে মাটির আর্দ্রতা ধরে রাখা যায়। সেচের পানির ব্যবহার, আগাছা ও পোকামাকড়ের আক্রমণ কমে। এতে উৎপাদন খরচ ও শ্রম সাশ্রয় হয়। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের এ পদ্ধতিতে চাষের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।