ভোগের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে তরুণদের দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগ
সোয়া লাখ টাকার আইফোন বা ব্যাংকক ভ্রমণে যে তরুণরা দু-বার ভাবেন না, সামান্য পুঁজিতে ক্ষুদ্র ব্যবসা বা পেশাগত দক্ষতা অর্জনে তারাই কেন লোকসানের ভয় পান?
বাজারে নতুন আইফোনের দাম মডেলভেদে সোয়া লাখ থেকে আড়াই লাখ টাকা। অনেক তরুণ এই টাকা খরচ করতে দু-বার ভাবেন না। কেউ নগদ দুই লাখ টাকায় শোরুম থেকে মোটরসাইকেল নিয়ে আসেন, কেউ সত্তর-আশি হাজার টাকা খরচ করে বন্ধুদের সঙ্গে ব্যাংকক বা কাঠমান্ডু ঘুরে আসেন। অথচ তাদের যদি বলা হয়, এর দশ ভাগের এক ভাগ টাকা দিয়ে সোশ্যাল মিডিয়ায় বা ছোট পরিসরে একটা ব্যবসা শুরু করো, প্রথম প্রশ্ন আসে, লোকসান হলে কী হবে? এমনকি বিশ হাজার টাকার একটা পেশাগত কোর্সের কথা শুনলেও তারা হিসাব কষতে বসেন।
যাদের এতটা সামর্থ্য নেই, তাদের খরচের অঙ্ক ছোট হলেও ধরনটা কাছাকাছি। বন্ধুদের সঙ্গে মাসে তিন-চারবার বুফে রেস্তোরাঁয় যাওয়া, যেখানে জনপ্রতি খরচ দেড়-দুই হাজার টাকা। দেড় বছর না যেতেই ত্রিশ-পঁয়ত্রিশ হাজার টাকার ফোন বদলে আরেকটা নেওয়া, ছুটি পেলেই সাজেক বা কক্সবাজার ভ্রমণ কিংবা গায়েহলুদে বন্ধুদের ম্যাচিং পাঞ্জাবি আর শাড়ি কেনা। সবাই অবশ্য এমন নন। তবে পাড়ায়, অফিসে বা ক্যাম্পাসে এমন মানুষ খুঁজতে খুব একটা কষ্ট করতে হয় না।
অর্থনীতিবিদ থর্স্টেইন ভেবলেন ১৮৯৯ সালে 'দ্য থিওরি অব দ্য লেজার ক্লাস' গ্রন্থে এই প্রবণতার নাম দিয়েছিলেন প্রদর্শনমূলক ভোগ। সহজ কথায়, লোকদেখানো খরচ। মানুষ অনেক কিছু কেনে কেবল মর্যাদা দেখানোর জন্য, এই ছিল তার পর্যবেক্ষণ। ভেবলেন সোশ্যাল মিডিয়ার যুগ দেখে যাননি; দেখলে বুঝতেন, লোকদেখানো খরচের এত বড় মঞ্চ আগে কখনো ছিল না। ব্যাংককের রাস্তায় তোলা সেলফি, নতুন বাইকের পাশে দাঁড়িয়ে তোলা ছবি কিংবা আইফোনের ক্যামেরায় তোলা বুফের টেবিল এক ঘণ্টায় কয়েক শ মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু যিনি পড়াশোনার ফাঁকে একটা ছোট অনলাইন ব্যবসা দাঁড় করাচ্ছেন কিংবা প্রতি মাসে নিয়ম করে ডিপিএসের কিস্তি দিচ্ছেন, তার এই নীরব পরিশ্রমের ছবি তোলা যায় না।
বিবিএসের হিসাবে ২০২২-২৩ অর্থবছরে দেশজ সঞ্চয় ছিল জিডিপির ২৫.৭৬ শতাংশ, যা ২০২৫-২৬ অর্থবছরের সাময়িক হিসাবে নেমে এসেছে ২১.৩৮ শতাংশে। অর্থনীতিবিদেরা এর প্রধান কারণ হিসেবে দীর্ঘ মূল্যস্ফীতিকে দেখছেন, কথাটা সত্য। আবার বাংলাদেশ ব্যাংকের ডেটা বলছে, ২০২৬ সালের মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা, যা আগের বছরের মে মাসের চেয়ে ৩৩ শতাংশ বেশি। এর একটা অংশ নগদ থেকে কার্ডে সরে আসা, সবটাই নতুন খরচ নয়। তবু সঞ্চয় যখন কমছে, ঠিক তখনই ধারে কেনাকাটা বাড়ছে।
ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার একটি পুরোনো পরামর্শ হলো, বেতন পেলে আগে সঞ্চয়ের টাকা সরিয়ে রাখো, বাকিটা দিয়ে মাস চালাও। আমাদের অনেকের মাস চলে ঠিক উল্টো হিসাবে। বেতন এলে আগে রেস্তোরাঁ, দাওয়াত, কেনাকাটা আর ঘোরাঘুরির খরচ মেটানো হয়। এরপর যা বাঁচে তা থাকে সঞ্চয়ের জন্য, আর মাসের শেষ সপ্তাহে সেটুকুও প্রায়ই খরচ হয়ে যায়।
স্বল্প আয়ের পরিবারের বাস্তবতা অবশ্য আলাদা। চাল, ডাল আর বাসাভাড়া দিতেই যাদের বেতন ফুরিয়ে যায়, তারা যে সঞ্চয় করতে পারছেন না, তার কারণ ভোগের লোভ নয়, বরং সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ। এই লেখা মূলত তাদের নিয়ে, প্রয়োজন মেটানোর পরও যাদের হাতে কিছু বাড়তি টাকা থাকে এবং ওই টাকা কোথায় খরচ হবে তা বেছে নেওয়ার সুযোগ থাকে।
আইফোনে সোয়া লাখ টাকা খরচ করা সহজ, অথচ ব্যবসায় পনেরো হাজার টাকা খাটানো কঠিন মনে হয় কেন? টাকা-পয়সার ব্যাপারে মানুষ কীভাবে সিদ্ধান্ত নেয়, তা নিয়ে অর্থনীতিবিদেরা দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। ড্যানিয়েল কানেম্যান ও আমোস টভারস্কির 'প্রস্পেক্ট থিওরি' দেখিয়েছে, সমান অঙ্কের লাভের চেয়ে ক্ষতি মানুষকে বেশি নাড়া দেয়। ব্যবসায় টাকা ডোবার ভয় তাই তরুণের মনে বড় হয়ে ওঠে। অথচ আইফোন বা বাইকের দামও কেনার দিন থেকেই কমতে থাকে; দুই বছর পর বেচতে গেলে বোঝা যায় দাম কতটা কমেছে। আর বিদেশ ভ্রমণের টাকা তো ফেরত আসার প্রশ্নই নেই। তবু কেউ এগুলোকে লোকসান ভাবেন না, কারণ এর আনন্দটা আজই পাওয়া যায়। ভবিষ্যতে লাভ হওয়ার আশার চেয়ে বর্তমানের আনন্দকে বেশি গুরুত্ব দেওয়ার এই ঝোঁক মানুষের বহু পুরোনো।
বিনিয়োগ যে শুধু ব্যবসাতেই হয়, তা কিন্তু নয়। গ্যারি বেকার তার মানবসম্পদ তত্ত্বে দেখিয়েছেন, শিক্ষা আর প্রশিক্ষণে যে টাকা ব্যয় হয় তা আসলে বিনিয়োগ, কারণ মানুষের কাজ করার সক্ষমতাও একধরনের পুঁজি। ব্যাংকক ঘুরে আসার আনন্দ আছে, মন ভালো রাখারও মূল্য আছে। কিন্তু ওই আশি হাজার টাকায় দুই-তিনটি পেশাগত কোর্স করা যায়, যা পাঁচ বছর পর বেতনের অঙ্ক বদলে দিতে পারে। বছরের পর বছর যদি কেবল ঘোরাঘুরি আর শখের পেছনেই খরচ চলতে থাকে, তবে তা চিন্তার বিষয়।
পোশাকশিল্পে যারা কাজ করেছেন, তারা বিষয়টি ভালোভাবেই জানেন। একজন মার্চেন্ডাইজারের পদোন্নতি কেবল তার সনদ দেখে হয় না। যিনি কস্টিং বোঝেন, ক্রেতার সঙ্গে দর-কষাকষি করতে পারেন, সরবরাহ ব্যবস্থাপনা ও কাজের সফটওয়্যারে দক্ষ, বাজারে তার চাহিদাই বেশি, বেতনও বাড়ে ওই হারে। আমাদের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো পরীক্ষার ফল আর সনদের গুরুত্ব বেশি। অথচ কর্মক্ষেত্রে গিয়ে বোঝা যায়, সনদের পাশাপাশি হাতে-কলমে শেখাটা কত জরুরি। অনেক বিভাগের পাঠ্যক্রমে আর্থিক হিসাব বোঝার শিক্ষা বা উদ্যোক্তা হওয়ার পাঠ এখনো ঐচ্ছিক বিষয়ের মতো এক কোণে পড়ে থাকে।
জোসেফ শুম্পিটার মনে করতেন, অর্থনীতিতে বড় পরিবর্তন আসে উদ্যোক্তার হাত ধরে, যিনি নতুন পণ্য আনেন, নতুন পদ্ধতিতে উৎপাদন করেন বা নতুন বাজার খোঁজেন। প্রতিবছর হাজার হাজার তরুণ বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে চাকরির পেছনে ছোটেন। তাদের কেউ কেউ যদি নিজেরাই দু-চারজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেন, তবে চাকরির বাজারে চাপ কিছুটা হলেও কমত।
এখন ছোট ব্যবসা শুরু করতে আগের মতো বড় পুঁজি লাগে না। দোকান ভাড়া নিতে হয় না, শোরুম সাজাতে হয় না। সোশ্যাল মিডিয়ায় একটা পেইজ, মোবাইলে তোলা কয়েকটি পরিষ্কার ছবি আর দশ-পনেরো হাজার টাকার পণ্য দিয়েই অনেকে ব্যবসা শুরু করছেন। একটি আইফোনের টাকায় পরিকল্পনা করে অনলাইনভিত্তিক ছোট একটা ব্যবসা ভালোভাবেই দাঁড় করানো যায়, যেখানে পণ্য, প্যাকেজিং ও কয়েক মাসের বিজ্ঞাপন খরচও উঠে আসে। দুই লাখ টাকার মোটরসাইকেলের দামে একজন শিক্ষার্থী ঘরে বানানো খাবারের ব্যবসা চালু করে কয়েক মাসের কাঁচামাল, প্যাকেজিং ও অনলাইন বিজ্ঞাপনের খরচ জোগাতে পারেন। ব্যাংকক ঘুরে আসার আশি হাজার টাকায় কেনা যায় একটি সেলাই মেশিন, কিছু কাপড় ও কয়েক মাসের প্রচার খরচ। ঘরে বসে ছোট একটি পোশাকের ব্যবসা শুরু করতে এর বেশি পুঁজি লাগে না।
বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি সন্ধ্যায় বা ছুটির দিনে এমন উদ্যোগ চালাচ্ছেন। এতে তাদের হাতখরচ চলে আসে। পাশাপাশি ক্রেতার সঙ্গে কথা বলা, দাম নির্ধারণ করা, হিসাব রাখা ও লোকসান সামলানোর মতো বাস্তব দক্ষতাগুলো চাকরিতে ঢোকার আগেই রপ্ত হয়ে যায়।
শুধু উৎসাহ দিয়ে অবশ্য ব্যবসা চলে না। কোন সরবরাহকারী ভালো, মান কীভাবে যাচাই করতে হয়, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন কীভাবে চালাতে হয় কিংবা হিসাবের খাতা কীভাবে রাখতে হয়, এসব না জেনে সব টাকা একবারে ঢাললে লোকসানের ঝুঁকি বাড়ে। অল্প কিছু পণ্য নিয়ে শুরু করে কয়েক মাস বাজার বুঝে নেওয়া, ইউটিউব বা স্বল্পমেয়াদি কোর্স থেকে বিপণন ও হিসাবের কাজটুকু শিখে নেওয়া অনেক বেশি নিরাপদ।
বাধা আসে পরিবার ও সমাজ থেকেও। সন্তান নতুন ফোন কিনলে অনেক বাবা-মা খুব একটা আপত্তি করেন না, কিন্তু পড়াশোনার ফাঁকে অনলাইনে কিছু বেচতে চাইলে শুনতে হয়, এসব করে পড়াশোনা নষ্ট করবে নাকি। কেউ কেউ আবার ভাবেন, শিক্ষিত ছেলেমেয়ে ঘরে বসে জিনিস বেচবে, লোকে কী বলবে! অনেক পরিবার অবশ্য এর ব্যতিক্রম উদাহরণও তৈরি করেছে; দেশের বহু সফল উদ্যোক্তার পেছনে এমন পরিবারের সমর্থন ছিল। আবার উদ্যোগ একটু বড় করতে গেলে সামনে আসে ব্যাংক। নতুন উদ্যোক্তা ঋণ চাইতে গেলে প্রথমেই জামানতের প্রশ্ন ওঠে।
অবশ্য কেনাকাটা মানেই খারাপ, তা নয়। মানুষ কেনে বলেই কারখানা চলে, দোকান খোলা থাকে, রেস্তোরাঁ আর পর্যটনে অসংখ্য মানুষের রুটিরুজি জোটে। আইফোন বা মোটরসাইকেল কেনায়, কিংবা দেশে-বিদেশে ঘুরতে যাওয়ায় দোষের কিছু নেই। গোলমালটা বাধে তখনই, যখন এসব শখের খরচ মেটাতে গিয়ে জীবনের অন্যান্য জরুরি খাত খালি পড়ে থাকে।
আজ শখ মেটাতে গিয়ে পড়াশোনা, স্বাস্থ্য আর সঞ্চয়ের কথা ভুলে থাকলে কাল তার মাশুল গুনতে হতে পারে। যে টাকায় আজ নতুন ফোন কেনা হচ্ছে, ওই টাকায় হয়তো নতুন কোনো দক্ষতা অর্জন করা যেত, কিংবা ছোট একটি ব্যবসার সূচনা হতো। নতুন ফোন কিনলে আমরা অভিনন্দন জানাই। অথচ কেউ নতুন কিছু শিখলে কিংবা পড়াশোনার পাশাপাশি ছোট একটি ব্যবসা দাঁড় করালে তাকে কজন উৎসাহ দিই? এই জায়গায় আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো জরুরি।
এটিএম মহিবুল্লাহ: শিক্ষক ও লেখক। ই-মেইল: mohibshamim97@gmail.com
মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।
