২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটানে এশীয় কার্যক্রম কেন্দ্র তৈরি করবে বাইন্যান্স

সেমিকন্ডাক্টর রপ্তানিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে ও এআই চিপ যেন চীনে পাচার হতে না পারে তা ঠেকাতেই এ সিদ্ধান্ত নিয়েছে এনভিডিয়া।

ভুটানে এশীয় কার্যক্রম কেন্দ্র তৈরি করবে বাইন্যান্স

নতুন নীতিমালা যথাযথভাবে মেনে চলা হচ্ছে কি না তা নিশ্চিত করতে এনভিডিয়া বর্তমানে তার সহযোগী বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করছে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 08:35 PM

Updated : 28 Nov 2026, 08:35 PM

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বাইন্যান্স ভুটানে নিয়ন্ত্রিত ডিজিটাল সম্পদ ব্যবসা পরিচালনার জন্য প্রাথমিক অনুমোদন পেয়েছে। এ অনুমোদনের অংশ হিসেবে দেশটিতে এশিয়ায় কার্যক্রমের কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করছে কোম্পানিটি।

শুক্রবার বাইন্যান্স বলেছে, ভুটানের গেলেফু কেন্দ্রীয় ব্যাংক তাদের এ অনুমোদন দিয়েছে। এশিয়ার পাঁচটি বাজারে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে আগামী বছর এ উদ্যোগ বাস্তবায়ন করতে চায় কোম্পানিটি।

তবে এ অনুমোদন পূর্ণাঙ্গ লাইসেন্স নয়। বাইন্যান্স এক বিবৃতিতে বলেছে, “নীতিগত অনুমোদন প্রথম পদক্ষেপ, পূর্ণাঙ্গ লাইসেন্স নয়। নিয়ন্ত্রিত কার্যক্রম শুরু করার আগে বাইন্যান্সকে গেলেফু কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত শর্তগুলো পূরণ করতে হবে।”

গত মাসে বাইন্যান্সের প্ল্যাটফর্মে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এ ঘটনার সঙ্গে উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। ওই হামলায় ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরি হয়। ঘটনার পর টানা দুই দিন ব্যবহারকারীরা প্ল্যাটফর্ম থেকে অর্থ তুলতে পারেননি। এ সপ্তাহের শুরুতে কোম্পানিটি বলেছে, অর্থ উত্তোলন ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ শেষ হয়েছে।

এশিয়ায় ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে চলতি মাসে বার্তা সংস্থা রয়টার্সকে বাইন্যান্সের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান এসবি সেকার বলেন, “অন্তত পাঁচ বা ছয়টি বাজারের সঙ্গে আমাদের আলোচনা চলছে। এর মধ্যে তিনটি বাজারের আলোচনা বেশ পরিণত পর্যায়ে রয়েছে।”

নতুন কোন কোন বাজারে বাইন্যান্স ব্যবসা সম্প্রসারণ করতে চায়, সে বিষয়ে সেকার বিস্তারিত বলেননি। বর্তমানে ১৫টি বাজারে পরিচালন লাইসেন্স রয়েছে কোম্পানিটির। তিনি বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া তাদের ব্যবসা সম্প্রসারণের প্রধান অগ্রাধিকার।

ভুটানে এ অংশীদারত্বের আওতায় স্থানীয়ভাবে কার্যক্রম পরিচালনা, কর্মী নিয়োগ এবং ডিজিটাল সম্পদে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বাইন্যান্সের।

বিবৃতিতে সেকার বলেন, “গেলেফু মাইন্ডফুলনেস সিটিতে এশিয়ার কেন্দ্র প্রতিষ্ঠা কৌশলগত সিদ্ধান্ত। এটি স্পষ্ট ও অগ্রগতিমুখী নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে কার্যক্রম পরিচালনার প্রতি বাইন্যান্সের অঙ্গীকারের প্রতিফলন।”

অক্টোবরে সাইবার হামলার ঘটনায় চুরি হওয়া অর্থের ক্ষতি পুষিয়ে নিতে নতুন করে তহবিল সংগ্রহ করতে হবে না বলেও জানিয়েছে বাইন্যান্স।