ডিজিটাল সম্পদে কর আরোপ ২০২৯ পর্যন্ত পেছাল দক্ষিণ কোরিয়া
আগামী বছর থেকে কর চালু করা হলে আন্তর্জাতিক বাজারের তুলনায় স্থানীয় বা দেশীয় বাজার ক্ষতিগ্রস্ত ও অসুবিধার মুখে পড়তে পারত।
পরিকল্পনা থেকে দুই বছর পিছিয়ে আগামী ২০২৯ সাল থেকে ডিজিটাল সম্পদে কর আরোপের পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া।
বৃহস্পতিবার দেশটির অর্থ মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
বিবৃতিতে দেশটির মন্ত্রণালয় বলেছে, ডিজিটাল সম্পদে কর আরোপ দুই বছর পিছিয়ে ২০২৯ সাল থেকে তা চালুর জন্য সরকারের পক্ষ থেকে পার্লামেন্টের সঙ্গে আলোচনা ও সেই অনুসারে কর ব্যবস্থা প্রস্তুত করা হবে।
নির্ধারিত সময়ের পরিবর্তে এই বিলম্বের কারণ হিসেবে মন্ত্রণালয় বলেছে, ২০২৯ সাল থেকে ডিজিটাল সম্পদ সংক্রান্ত তথ্য আদান-প্রদান কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হবে।
আগাম পরিকল্পনা অনুসারে, আগামী বছর থেকে কর চালু করা হলে আন্তর্জাতিক বাজারের তুলনায় স্থানীয় বা দেশীয় বাজার ক্ষতিগ্রস্ত ও অসুবিধার মুখে পড়তে পারত।
অর্থ মন্ত্রণালয় বলেছে, আগামী বছরগুলোতে বাজারের সার্বিক পরিবেশে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এমন একটি ডিজিটাল সম্পদ সংক্রান্ত আইন প্রণয়নের জন্য কাজ করছে দক্ষিণ কোরিয়া।
পরবর্তী দুই বছরে ডিজিটাল সম্পদের অতিরিক্ত অস্থিরতা, বিনিয়োগকারীদের সুরক্ষা ও এ খাতের বিকাশকে কীভাবে সহায়তা দেওয়া যায় সেসব দিক বিবেচনায় রেখে আন্তর্জাতিক বা সীমান্তপারের ডিজিটাল সম্পদ লেনদেনে কর আরোপের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।
সরকারের পরিকল্পনা অনুসারে, ২০২৭ সালে পার্লামেন্টে আইন সংশোধনের প্রস্তাব পেশ এবং ২০২৮ সালের প্রথম অর্ধেকে সুনির্দিষ্ট কর ব্যবস্থার বিস্তারিত তথ্য বিনিয়োগকারীদের সামনে প্রকাশ করা হবে।
