২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ম্যাচেই আইএল টি-টোয়েন্টি শেষ নাসিমের

ইয়র্কারে ব্যাটসম্যানকে বোল্ড করা ডেলিভারির সময় ফলো-থ্রুতে পড়ে গিয়ে হাঁটুতে চোট পান পাকিস্তানের ফাস্ট বোলার।

দুই ম্যাচেই আইএল টি-টোয়েন্টি শেষ নাসিমের

নাসিম শাহ। ছবি: ডেজার্ট ভাইপার্স ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 08:42 PM

Updated : 28 Nov 2026, 08:42 PM

বাঁ হাঁটুর চোটে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) থেকে ছিটকে গেছেন নাসিম শাহ। আপাতত পাকিস্তানের এই ফাস্ট বোলারের পরিবর্তে অন্য কাউকে দলে নেয়নি ডেজার্ট ভাইপার্স।

ভাইপার্সের দ্বিতীয় ম্যাচে শারজাহ ওয়ারিয়র্জের বিপক্ষে এই চোট পান নাসিম। ইয়র্কারে পল ওয়াল্টারকে বোল্ড করেন তিনি, কিন্তু ওই ডেলিভারির সময় ফলো-থ্রুতে মাটিতে লুটিয়ে পড়েন এবং শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন ২৩ বছর বয়সি এই ক্রিকেটার।

ওই ম্যাচে তার বোলিং পরিসংখ্যান ছিল ২.৫-০-৩১-১।

ভাইপার্স শনিবার আবু ধাবিতে এমআই এমিরেটসের বিপক্ষে তাদের চতুর্থ ম্যাচ চলাকালীন এক বিবৃতিতে নাসিমের ছিটকে পড়ার কথা জানায়। ম্যাচটি শেষ পর্যন্ত সুপার ওভারে হেরে যায় তারা।

ভাইপার্স দলে থাকা অন্য ফাস্ট বোলাররা হলেন আব্দুল্লাহ আহমদজাই, ইশতিয়াক আহমাদ, খুজাইমা তানভির, মোহাম্মাদ সালিম, সাঞ্জায় পাহাল, অধিনায়ক ডেভিড পেইন ও অলরাউন্ডার টম কারান। আহমদজাই ও ইশতিয়াক আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

চার ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে পাঁচ নম্বরে আছে ভাইপার্স।