তরুণ উদ্যোক্তাদের নিয়ে ব্র্যাকের ‘কার্নিভাল অব চেঞ্জ’
অনুষ্ঠানে তরুণদের তিনটি উদ্যোগকে পুরস্কৃত করা হয়।
দেশের আড়াই শতাধিক তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবক নিয়ে মতবিনিময়, আলোচনা ও কর্মশালা করেছে ব্র্যাক।
সাভারের ব্র্যাক সিডিএমে ‘কার্নিভাল অব চেঞ্জ ২০২৬’ নামে তিন দিনের এ আয়োজন করা হয় বলে প্রতিষ্ঠানটি শনিবার সংবাদ জানিয়েছে।
কার্নিভালে ‘আমরা নতুন নেটওয়ার্ক’ এর তরুণদের পরিচালিত ৩০টি কমিউনিটি উদ্যোগের প্রদর্শনী হয়। স্থানীয় সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণেরা নিজ নিজ কমিউনিটির সঙ্গে যৌথভাবে যেসব পণ্য, সেবা ও সমাধান তৈরি করেছেন, সেগুলো প্রদর্শনীতে তুলে ধরা হয়।
তরুণদের তিনটি উদ্যোগকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে। সেগুলো- হল চা বাগানের জনগোষ্ঠীর ভাষা, লোককথা, গান, উৎসব ও ঐতিহ্য সংরক্ষণ ও নথিবদ্ধ করার উদ্যোগ ‘টি কমিউনিটি কালচার প্রিজারভেশন’, ওষুধের দায়িত্বশীল ব্যবহার, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ ‘কানন’ এবং আখের বর্জ্য থেকে পরিবেশবান্ধব ও পচনশীল পণ্য তৈরি ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জীবিকার সুযোগ সৃষ্টির উদ্যোগ ‘শূন্য’।
অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, “শুধু একটি নেটওয়ার্কের অংশ হওয়া যথেষ্ট নয়, এটিকে কার্যকর কমিউনিটিতে পরিণত করতে হবে। নেটওয়ার্কের মাধ্যমে আমরা অনেক মানুষকে চিনতে পারি, কিন্তু কমিউনিটি হল সেই জায়গা, যেখানে বিপদের সময় মানুষ একে অপরের পাশে দাঁড়ায়।
“ব্র্যাক তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও কাজের প্ল্যাটফর্ম দিচ্ছে। কিন্তু পরিবর্তনের মূল শক্তি হতে হবে তরুণদেরই। দেশের বিভিন্ন জেলার তরুণরা যেন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে সম্মিলিতভাবে কাজ করতে পারেন, সেই উদ্যোগ নিতে হবে তাদের।”
ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক সাফি রহমান খান বলেন, “ব্র্যাকের ‘আমরা নতুন নেটওয়ার্ক’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিক উদ্যোক্তা ও চেঞ্জমেকার হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এর মাধ্যমে তরুণেরা সামাজিক সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগী হচ্ছে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালে যাত্রা করা ব্র্যাকের ‘আমরা নতুন নেটওয়ার্ক’ ১৮ থেকে ৩০ বছর বয়সি তরুণদের নিয়ে কাজ করছে। দেশের ২৫টি জেলায় বিস্তৃত এ উদ্যোগের মাধ্যমে ২ হাজার ৯৩২ জনের বেশি তরুণ প্রশিক্ষণ পেয়েছেন। নেটওয়ার্কের অ্যালামনাইরা এখন পর্যন্ত ৪৭৫টির বেশি কমিউনিটি প্রকল্প পরিচালনা করেছেন।
