সিলেটে এমপির বাড়িতে পেট্রলবোমা, ‘মারা গেলে বা গুম হলে আওয়ামী লীগ দায়ী’
সংসদ সদস্য বলেন, এ ঘটনায় তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে গভীর রাতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, কোনো কারণে তিনি মারা গেলে বা গুম হলে এর জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দায়ী থাকবে।
শনিবার দুপুরে নিজের বাড়িতে হামলার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এম এ মালিক।
তিনি বলেন, “এমপি হিসেবে তাদের (আওয়ামী লীগের) মূল টার্গেট আমাকে হত্যা করা। কিন্তু আমরা বাঁচার মতো বাঁচতে চাই এবং গণতান্ত্রিক উপায়ে লড়াই চালিয়ে যেতে চাই।”
হামলার বর্ণনা দিয়ে এম এ মালিক বলেন, রাতে বাড়িতে ফিরে ঘুমাতে যাওয়ার পর বিকট শব্দ শুনতে পান। পরে নিরাপত্তাকর্মীরা বাইরে গিয়ে দেখেন, একটি পিকআপ থেকে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বাড়িতে অগ্নিনির্বাপণ যন্ত্র থাকায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়।
তিনি বলেন, কয়েক মিনিটের মধ্যে আগুন নেভানো না গেলে পুরো বাড়ি পুড়ে যেতে পারত। এ ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে এম এ মালিক অভিযোগ করেন, দলটির উসকানি ও অর্থায়নে বিভিন্ন এলাকার লোকজন এ হামলা চালিয়েছে। এর আগেও তার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
নিজের ওপর অতীতের হামলার কথা তুলে ধরে তিনি বলেন, লন্ডনসহ ইউরোপের বিভিন্ন দেশে তার ওপর একাধিকবার হামলা হয়েছে। এমনকি রাশিয়ার ভাড়াটে খুনি দিয়েও তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এম এ মালিক বলেন, ভারতের গোয়েন্দা সংস্থা ও লন্ডন থেকে তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।
তিনি বলেন, “খোদা না করুন, আমি যদি কোনো কারণে মারা যাই বা গুম হই, তবে তাদের কারণেই হবো।”
এ সময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অন্যের বাড়িতে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান।
