চট্টগ্রাম থেকে ত্রিশাল, শুরু হল ‘সুরে সুরে নজরুল যাত্রা’
“সংস্কৃতির এক অনির্বাণ দীপশিখার নাম নজরুল।”
চট্টগ্রাম থেকে ময়মনসিংহের ত্রিশাল, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য স্থানগুলোতে নজরুল সংগীত আয়োজনের যাত্রা শুরু হয়েছে।
নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা, চট্টগ্রাম নজরুল বর্ষে উপলক্ষে শনিবার চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড়ের আজাদী চত্ত্বরে ‘সুরে সুরে নজরুল যাত্রা’ শিরোনামে সংগীত অনুষ্ঠানের আয়োজন করে।
পর্যায়ক্রমে বিভিন্ন স্থান ঘুরে ময়মনসিংহের ত্রিশালে গিয়ে শেষ হবে তাদের এ আয়োজন।
চলতি বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের মে পর্যন্ত, এক বছর নজরুল বর্ষ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মজয়ন্তী অনুষ্ঠানে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেন তিনি।
নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা, চট্টগ্রাম তাদের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি এবং নজরুল বর্ষের এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের উদ্বোধক দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, “আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অগ্নিবীণার ঝংকারে জাগিয়ে তুলেছিলেন নিদ্রিত বাঙালির প্রাণ। তিনি অন্যায়ের বিরুদ্ধে উচ্চারণ করেছিলেন মুক্তির মন্ত্র।
“তিনি আমাদের চির প্রেরণার উৎস। আমাদের প্রাণের কবি।”
নজরুল বর্ষে চট্টগ্রামে নজরুলের স্মৃতিধন্য স্থানগুলোতে ‘সুরে সুরে নজরুল যাত্রা’ আয়োজন করায় নজরুল সঙ্গীত শিল্পী সংস্থাকে ধন্যবাদ জানান সাংবাদিক মালেক।
অনুষ্ঠানের অধ্যক্ষ রীতা দত্ত বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন, তিনি জাগ্রত যুগচেতনা। সংস্কৃতির এক অনির্বাণ দীপশিখার নাম নজরুল।
“বিদ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার অসীম সুরধারায় স্নাত নজরুল সঙ্গীত আমাদের জাতিকে যুগে যুগে উদ্ভাসিত করেছে শুদ্ধ সুরের আলোয়।”
নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দীপেন চৌধুরী।
পরে বেলুন ও পায়রা উড়িয়ে আয়োজনের উদ্বোধন করা হয়। এরপর সংগঠনের শিল্পীরা ‘কারার ওই লৌহ কপাট’ এবং ‘জয় হোক, জয় হোক, শান্তির জয় হোক’সহ বিভিন্ন গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম ও দেশের বিভিন্ন জেলায় নজরুলের স্মৃতিধন্য স্থানে গানে গানে কবিকে স্মরণ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এরমধ্যে শনিবার উদ্বোধনের পর চট্টগ্রাম নগরীর অভয়মিত্র ঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীরে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘সুরে সুরে নজরুল যাত্রা’র আয়োজনের অংশ হিসেবে পর্যায়ক্রমে সীতাকুণ্ড, সন্দ্বীপ, রাউজান, ফতেয়াবাদ, কুমিল্লা নজরুল ইনস্টিটিউট, ঢাকা নজরুল ইনস্টিটিউট এবং ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হবে।
