২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ের উন্নয়নে সরকার আন্তরিক: পার্বত্যমন্ত্রী

খাগড়াছড়ি সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 08:10 PM

Updated : 28 Nov 2026, 08:10 PM

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের আয়কর মওকুফ করা হয়েছে জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, পাহাড়ের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার অত্যন্ত আন্তরিক।

শনিবার সকালে খাগড়াছড়ি সার্কিট হাউসে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পার্বত্যমন্ত্রী বলেন, “পাহাড়ি জনগোষ্ঠীর পাশাপাশি সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের আয়কর মওকুফের সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের প্রতি সরকারের আন্তরিকতার প্রতিফলন ঘটেছে।”

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের বিষয়ে সাচিং প্রু জেরি বলেন, অতীতের সরকারগুলো যেভাবে চুক্তি বাস্তবায়নে কাজ করেছে, বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করবে।

পার্বত্য অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের জন্য সব জাতিগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা জরুরি উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সহাবস্থানের মধ্য দিয়েই এ অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।

সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, “আমাদের সরকার পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে চায়। স্থানীয় বাসিন্দাদের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয় কাজ করছে। পাহাড়ের সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়াধীন।”

গুণগত মান রক্ষা করে এসব প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

সভায় জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, কৃষি ও পর্যটন খাতের উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি উন্নয়ন কার্যক্রম গতিশীল করা, স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এবং পাহাড়ি-বাঙালি সব জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে সভায় সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেজবাউল ইসলাম খান, বিজিবি খাগড়াছড়ি সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইফতেখারুল আলম বেগ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, পুলিশ সুপার মোরতোজা আলী, মং সার্কেলের প্রধান রাজা সাচিং প্রু চৌধুরী উপস্থিত ছিলেন।