১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে টানাপড়েন হলেই পাহাড়ে অস্থিরতা বাড়ে: ফজলে এলাহী

“পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে,” মনে করেন সাবেক এ সেনা কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 06:16 PM

Updated : 19 Nov 2026, 06:16 PM

ভারতের সঙ্গে টানাপড়েন তৈরি হলেই পার্বত্য চট্টগ্রামে পরিস্থিতির অবনতি ঘটে বলে মনে করেন বিএনপির নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর।

প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসা এ সাবেক সেনা কর্মকর্তার পরামর্শ হল, পাহাড়ে স্থিতিশীলতা ফেরাতে হলে সেখানকার জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘পাহাড়ে অস্থিরতার কারণ ও প্রতিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি নিজের নানা পর্যবেক্ষণ তুলে ধরেন।

আমার বাংলাদেশ (এবি) পার্টি এ সভা আয়োজন করে। সভার পর সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।

ফজলে এলাহী আকবর বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হলেই কিংবা ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হলেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির অবনতি ঘটে।

“বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন।”

গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান ফজলে এলাহী আরও বলেন, ‘‘দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই। বাংলাদেশের স্বার্থে আঘাত এলে রাষ্ট্রকেও দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাতে হবে।’’

রাজনৈতিক দলগুলো পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানে যথেষ্ট আন্তরিকতা ও কার্যকর উদ্যোগ দেখাতে পারেনি মন্তব্য করে তিনি বলেন, ‘‘শুধু বক্তব্য কিংবা আনুষ্ঠানিক কর্মসূচি দিয়ে এ সংকটের সমাধান হবে না। পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে।”

তিনি প্রশ্ন তোলেন, “রাজনৈতিক দলগুলো কি সত্যিকার অর্থে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে, নাকি বিদেশি স্বার্থকে?”

তিনি মনে করেন, পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রের কার্যকর উপস্থিতি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সেখানকার জনগণের আস্থা অর্জন করতে হবে।

পাহাড়ের মানুষকে বাংলাদেশের নাগরিক হিসেবে অভিন্ন জাতীয় পরিচয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় অন্যদের মধ্যে সাংবাদিক ও লেখক আবু রুশদ, বাংলাদেশ আজাদ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান, পার্বত্যনিউজ সম্পাদক মেহেদী হাসান পলাশ, জনতার দলের যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর ডেল এইচ খান, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল ওহাব মিনার ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস ইসলাম খান নোমান বক্তব্য রাখেন।