১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

বাড়িতে পেট্রল বোমা ছোঁড়ার অভিযোগ বৈছাআ নেতা মাহদীর, আলামত পায়নি পুলিশ

শুক্রবার মধ্য রাতে ফেইসবুক লাইভে এসে তার বাড়িতে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করার অভিযোগ করেন মাহদী।

বাড়িতে পেট্রল বোমা ছোঁড়ার অভিযোগ বৈছাআ নেতা মাহদীর, আলামত পায়নি পুলিশ

মাহদী হাসানের বাড়িতে পুড়ে যাওয়া বৈদ্যুতিক মিটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 12:15 PM

Updated : 14 Nov 2026, 12:22 PM

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানের বসতঘর লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগে উঠেছে।

শুক্রবার মধ্য রাতে ফেইসবুক লাইভে এসে এ অভিযোগ করেন মাহদী।

তবে ঘটনাস্থলে তেমন কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ব্যাটারিচালিত রিকশা চার্জের বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দাবি তাদের।

মাহদী হাসানের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে। সাড়ে ১২টার দিকে সেখানে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ মাহদীর।

তিনি বলেন, দুর্বৃত্তরা তাদের বসতঘরের টিনের চাল লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ ছাড়া তার ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরও একটি পেট্রল বোমা ছোড়া হয়।

মাহদী বলেন, রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় হঠাৎ বসতঘরের টিনের চালের ওপর পরপর দুটি বিকট শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরেকটি পেট্রল বোমা নিক্ষেপ করা হলে সেখানে আগুন ধরে যায়।

পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে বৈদ্যুতিক মিটারটি পুড়ে যেতে দেখেন তারা।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

তবে সেখানে পেট্রল বোমা নিক্ষেপের মত কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক বলেন, আগুন জ্বলতে দেখে মাহদীসহ পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে আসেন। তবে ফেইসবুক লাইভে মাহদী পেট্রল বোমা নিক্ষেপের যে অভিযোগ করেছেন, ঘটনাস্থলে তার কোনো আলামত পাওয়া যায়নি।

বাড়িতে ওসি বলেন, মাহদীর বাড়ির সামনে তার চাচার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়া হয়। ওই মিটারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।