বাগেরহাটে মিল্কভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ
পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির উঠান থেকে অবিস্ফোরিত একটি পেট্রল বোমা উদ্ধার এবং দুটি বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করেছে।
বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান এস এম আমির হামজা শাতিলের গ্রামের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে।
বুধবার রাত ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফকিরহাট থানার ওসি রজিউল্লাহ খান।
তিনি বলেন, উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের ওই বাড়িতে মিল্কভিটার চেয়ারম্যানের চাচারা বসবাস করেন। বুধবার রাতে কে বা কারা বাড়িটির ভেতরে পরপর তিনটি পেট্রল বোমা ছোড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির উঠান থেকে অবিস্ফোরিত একটি পেট্রল বোমা উদ্ধার এবং দুটি বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করেছে।
তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান ওসি। তবে এই ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ওসি বলেন, ঘটনার পর ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। বোমা হামলাকারীদের শনাক্ত করতে চেষ্টা করছে পুলিশ।
