১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাতৃভূমি’ টিমকে সালমানের চমক, সবার হাতে পরিয়ে দিলেন দামি সুইস ঘড়ি

‘মাতৃভূমি’ মুক্তি পাচ্ছে ৪ ডিসেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 09:55 AM

Updated : 19 Nov 2026, 09:55 AM

‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমা ঘিরে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে নায়ক সালমান খান ও টিমের বাকিরা। শুটিং থেকে সিনেমার মুক্তির প্রস্তুতির এই সময়ে যারা পাশে থেকেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে হইচই বাঁধিয়ে ফেলেছেন সালমান খান।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সিনেমার কলাকুশলী ও অভিনয়শিল্পীদের পানভেলের খামারবাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেতা। কেবল আপ্যায়নেই ব্যাপারটি সারেননি তিনি, প্রত্যেককে উপহার দিলেন সুইজারল্যান্ডের তৈরি দামি ঘড়ি।

সালমানের এমন কাণ্ডে অভিভূত ‘মাতৃভূমি’ টিম।

বহু বাধা-বিপত্তি, বিলম্ব কাটিয়ে কদিন আগে ‘মাতৃভূমি’ সিনেমার ট্রেইলার সামনে এসেছে, শুরু হয়েছে প্রচার কাজও। এর মধ্যেই হঠাৎ করে পুরো টিমকে খামারবাড়িতে আমন্ত্রণ করে বসেন সালমান, তার আবদার ছিল, টিমের একজন সদসও যেন বাদ না যান।

তার কথামত সবাই হাজিরও হন সেখানে। এরপর তিনি যা করে বসেন, তাতে সবাই হতচকিত হয়ে পড়েন বলে টিমের একাধিন সদস্যের ভাষ্য।

সালমান খাওয়াদাওয়ার পর্ব শেষে প্রত্যেককে ‘কাপুর ওয়াচ’ কোম্পানির সুইজারল্যান্ডে তৈরি একটি করে বিলাসবহুল ঘড়ি উপহার দিয়েছেন। ঘড়িগুলোর দাম ২ লাখ থেকে ৬ লাখ রুপির মধ্যে।

বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন পরিচালক অপূর্ব লাখিয়া, অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, অভিনেতা অঙ্কুর ভাটিয়া এবং বিপিন ভরদ্বাজসহ পুরো দল। প্রথমে সিনেমার সদস্যরা ভেবেছিলেন, প্রচারকৌশল নিয়ে আলোচনা করতেই সালমান তাদের পানভেলে ডাকছেন।

‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ প্রযোজনা করছে সালমান খান ফিল্মস।

যুদ্ধের পটভূমিতে এই সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে।‘মাতৃভূমি’ মুক্তি পাচ্ছে ৪ ডিসেম্বর।