১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

‘মৃত্যুকে কীসের ভয়!’ সালমানের ‘মাতৃভূমি’র ট্রেইলার প্রকাশ

অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’তে একজন ভারতীয় সেনার চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

‘মৃত্যুকে কীসের ভয়!’ সালমানের ‘মাতৃভূমি’র ট্রেইলার প্রকাশ

‘মাতৃভূমি’ সিনেমার ট্রেইলারের দৃশ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 01:04 AM

Updated : 12 Nov 2026, 01:04 AM

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এল বলিউড তারকা সালমান খানের আসন্ন চলচ্চিত্র ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ এর প্রথম ঝলক।

ঘোষণা অনুযায়ী মঙ্গলবার প্রকাশ্যে আসার কথা ছিল ট্রেইলার, রাতে ট্রেইলারটি প্রকাশ করে সোশাল মিডিয়ায় সালমান খান লেখেন, "আজকে রিলিজ করব নাকি কাল? যে কাজ কাল করবে ভেবেছ, তা আজই করে ফেল। আর যা আজ করার কথা, তা এখনই কর। ট্রেইলার উপভোগ করুন।"

পিঙ্কভিলা লিখেছে, ভারত-চীন যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি সিনেমার চার মিনিট ৩৫ সেকেন্ডের ট্রেইলার প্রকাশ করা হয়েছে। যুদ্ধের ভয়াবহতা নিয়ে এক বার্তা দিয়ে শুরু হয়েছে দৃশ্য। সেখানে পর্দায় ভেসে ওঠে 'যে সৈনিক যুদ্ধের অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছেন, যুদ্ধকে তার চেয়ে বেশি কেউ ঘৃণা করে না।'

এরপরই সেনার পোশাকে পর্দায় হাজির হন সালমান।

চলচ্চিত্রে তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহকে। ট্রেইলারে যুদ্ধের দৃশ্যপট ছাড়াও তাদের পারিবারিক সম্পর্কের আবেগঘন নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে।

তবে সেই শান্তির আবহ দীর্ঘস্থায়ী হয় না। মুহূর্তে দৃশ্যপট বদলে গিয়ে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলি। শেষ দিকে মোবাইল ফোনে কোনো এক খবর শুনে চিত্রাঙ্গদাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। আর শেষ দৃশ্যে সালমানের কণ্ঠে শোনা যায়, 'মৃত্যুকে কীসের ভয়! সে তো আসবেই!'

ট্রেইলার মুক্তির পর অভিনেতা সালমান খানের ‘ডেডিকেশন ও ত্যাগের’ প্রশংসা করেছেন তেলুগু নির্মাতা ভামশী পাইডিপল্লি।

ট্রেইলারটি শেয়ার করে তিনি লিখেছেন, “মাতৃভূমি, অবশেষে অপেক্ষার অবসান। সালমান স্যার, এই সিনেমার জন্য আপনাকে কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে এবং কী পরিমাণ মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে, তা আমি জানি। আপনার শক্তি ও একাগ্রতা ছবিতে স্পষ্ট ফুটে উঠেছে।”

অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি’তে একজন ভারতীয় সেনার চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’।