২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের ‘মনস্টার’: বিশেষ দিনে আসছে টিজার, মুক্তি কবে

অভিনেতাকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরার জন্য সিনেমার অ্যাকশন দৃশ্যায়নে বিশেষ পরিকল্পনা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 11:51 PM

Updated : 21 Nov 2026, 11:51 PM

আর কদিন পর ৬১তম জন্মবার্ষিকী উদযাপন করতে চলেছেন বলিউডের তারকা অভিনেতা সালমান খান। সেই উৎসবের আগে ভাইজানখ্যাত অভিনেতা সালমানের ‘মনস্টার’ সিনেমার টিজার প্রকাশ্যে আনার প্রস্তুতি চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ জানিয়েছেন, দশদিনের জন্য সিনেমা টিমের সঙ্গে পুনেতে আছেন সালমান। সেখানে দক্ষিণী নির্মাতা ভামশি পইডিপল্লি পরিচালিত ‘মনস্টার’ সিনেমার গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের শ্যুটিং সেরে নেওয়া হবে এই কদিনে।

জন্মদিনের আগে টিজার প্রকাশের জন্য সম্পূর্ণ প্রস্তুত হতেই এত তোড়জোড় চলছে।

নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সালমান খান এবং সীমা বিশ্বাসকে নিয়ে পুনেতে শুটিং চলছে। গল্পের মোড়কে নাটকীয়ভাবে ঘুরিয়ে দেওয়ার মত কিছু দৃশ্য ধারণ করা হবে।

এই সিনেমা দিয়ে দক্ষিণী সিনেমার অভিনেত্রী নয়নতারার সঙ্গে প্রথমবারে জুটি বাঁধছেন সালমান। এর আগে শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করেছেন নয়নতারা।

‘মনস্টারে’ খলচরিত্রে অভিনয় করছেন অরবিন্দু স্বামী। এছাড়াও আছেন সীমা বিশ্বাস, জ্যাকি শ্রুফ, রণিত রায়, রাহুল দেব।

আর মাস খানেকের শুটিং বাকি আছে ‘মনস্টার’ সিনেমার।

এই সিনেমায় সালমান দুই সন্তানের বাবার চরিত্রে অভিনয় করছেন। অভিনেতাকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরার জন্য সিনেমার অ্যাকশন দৃশ্যায়নের ক্ষেত্রে বিশেষ পরিকল্পনা করা হয়েছে।

সিনেমাটি মুক্তি পেতে পারে আগামী বছরের দুই ঈদের মধ্যে কোনো একটিতে। এছাড়া আগামী মাসে ৪ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সালমানের ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমাটি।

পুরনো খবর:

‘মাতৃভূমি’ টিমকে সালমানের চমক, সবার হাতে পরিয়ে দিলেন দামি সুইস ঘড়ি