ইংল্যান্ডকে ৭৯-১৩ পয়েন্টে উড়িয়ে দিল বাংলাদেশ
এই জয়ের পরও, সেমি-ফাইনালে খেলার আশা শেষ হয়ে গেছে বৃষ্টিদের।
কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে নারী বিভাগে জয়ে ফিরেছে বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য করে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছেন বৃষ্টি-খাদিজারা।
ভারতের আহমেদাবাদের ভীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে বুধবার গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৭৯-১৩ পয়েন্টে বিধ্বস্ত করে বাংলাদেশ।
চার ম্যাচে দ্বিতীয় জয় পেল দল। ‘বি’ গ্রুপের খেলা শেষ করল দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে। এখানে জিতলেও, গ্রুপে তৃতীয় হওয়ায় সেমি-ফাইনাল খেলার আশা শেষ হয়ে গেল বৃষ্টিদের।
কেনিয়ার বিপক্ষে ৩৪-২৫ পয়েন্টে হেরে আসর শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল ৭৫-১৫ ব্যবধানে। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩১-২০ পয়েন্টে হেরে যায় দল।
