৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের

প্রথমার্ধেই ২০ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়ে কোণঠাসা হয়ে পড়েন মিজানুর-নাসিররা।

কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের

শক্তিশালী ভারতের বিপক্ষে হেরে ছিটকে গেল বাংলাদেশ। ছবি: প্রোকাবাডি ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 09:53 PM

Updated : 30 Oct 2026, 09:53 PM

নিজেদের ম্যাটে দাপট দেখাল ভারত। প্রথমার্ধেই তারা এগিয়ে গেল ২০ পয়েন্টে। শক্তিশালী দলটির বিপক্ষে অনুমিতভাবেই ঘুরে দাঁড়াতে পারলেন না নাসির-মিজানুররা। কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে বাংলাদেশের পথচলা থামল সেমি-ফাইনালে।

ভারতের আহমেদাবাদের ভীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিকদের বিপক্ষে ৫৬-২৭ পয়েন্টে হারে বাংলাদেশ। প্রথমার্ধে তারা পিছিয়ে ছিল ২৮-৮ পয়েন্টে।

ছয় ম্যাচে চার জয় ও দুই হার দিয়ে আসর শেষ করল বাংলাদেশ।

সবশেষ আইচি-নাগোয়া এশিয়ান গেমসেও দেখা হয়েছিল দুই দলের। সোনা জয়ের পথে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশকে ২৩ পয়েন্টে (৪৮-২৫) হারিয়েছিল তারা। এবারের ব্যবধান বাড়ল আরও, ২৯ পয়েন্ট।

কানাডাকে ৬৭-২৮ ব্যবধানে গুঁড়িয়ে আসর শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে জমজমাট লড়াইয়ের পর কেনিয়ার বিপক্ষে ৩২-৩১ পয়েন্টে হেরে যায়।

তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৬০-২৮ পয়েন্টে হারানোর পর, অস্ট্রেলিয়াকে ৬৯-৩১ ব্যবধানে গুঁড়িয়ে সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা জোরাল করে বাংলাদেশ। তা পূর্ণতা পায় স্কটল্যান্ডের বিপক্ষে ৭০-২০ পয়েন্টের জয়ে। ৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমি-ফাইনালে ওঠে দল।

গ্রুপ পর্বে ছয় ম্যাচের সবগুলো জিতে সেমি-ফাইনালে ওঠে আসে ভারত। বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকেই ফাইনালে উঠল তারা।