দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে ‘ছানিমুক্ত’ করার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
২৬ হাজার দৃষ্টিহীন মানুষের চোখে আলো ফেরাতে বিনামূল্যে অন্তত ৫০ হাজার ছানি অপারেশন প্রতিশ্রুতি দিয়েছেন এম এ মুহিত।
আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে ‘ছানিমুক্ত’ জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। এ লক্ষে জেলার ২৬ হাজার দৃষ্টিহীন মানুষের চোখে আলো ফেরাতে বিনামূল্যে অন্তত ৫০ হাজার ছানি অপারেশন করা হবে।
শনিবার সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত চক্ষু স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ২০২৮ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে একটি ছানিমুক্ত সিরাজগঞ্জ জেলা উপহার দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।
একটি জরিপে সিরাজগঞ্জ জেলায় প্রায় ৩৩ হাজার দৃষ্টিহীন মানুষের তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন এম এ মুহিত। বলেন, এ কর্মসূচির আওতায় জেলার প্রতিটি ইউনিয়নে চক্ষু শিবিরের মাধ্যমে পাঁচ থেকে ছয় লাখ মানুষের চোখ পরীক্ষা করা হবে। একইসঙ্গে তিন থেকে চার লাখ মানুষকে বিনামূল্যে প্রয়োজনীয় চশমা দেওয়া হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈশ্বিক অঙ্গীকারের কথা তুলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ২ নভেম্বর চক্ষু স্বাস্থ্য বিষয়ক বিশ্ব সম্মেলনে ২০৩০ সালের মধ্যে দেশের দুই কোটি অবহেলিত মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এক কোটি মানুষকে চশমা এবং ১০ লাখ মানুষের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি ও জরুরি ওষুধের সরবরাহ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন মুহিত।
দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুহিত বলেন, “আমরা মানুষের ঘরে ঘরে চোখের লেন্স ও চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছি আর ফ্যাসিবাদী শক্তি দা-কুড়াল নিয়ে আক্রমণ করতে ও নিজেরাই নিজেদের ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুর করতে যাচ্ছে। এটিই নির্বাচিত গণতান্ত্রিক সরকার ও অনির্বাচিত শক্তির মধ্যকার তফাৎ।”
সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে পরিচালিত চক্ষু স্বাস্থ্য কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ‘প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতাল’। এতে জেলা প্রশাসন, পুলিশ, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা করছে। উদ্বোধনের দিনেই প্রায় দেড় হাজার মানুষের চোখ পরীক্ষা করা হয়।
প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটালের সাধারণ সম্পাদক মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক চিকিৎসক মেহবুব উল কাদির এবং সিভিল সার্জন নুরুল আমিন বক্তব্য দেন।
এ ছাড়া অপথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ-এর অধ্যাপক চিকিৎসক মো. জিন্নুরাইন নিউটন , অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর চিকিৎসক মুনির আহমেদ, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, আন্তর্জাতিক চক্ষু স্বাস্থ্য ও উন্নয়ন সংস্থা দি ফ্রেড হলোস ফাউন্ডেশনের ক্লাস্টার ডিরেক্টর মোছাব্বির আলম, স্প্রিং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মিশা মাহজাবিন, হেলেন কেলার ইন্টারন্যাশনালের পুষ্টি ও স্বাস্থ্য কর্মসূচির প্রধান চিকিৎসক আফসানা হাবিব শিউলি বক্তব্য দেন।
