২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থানে ট্রাকের পেছনে গাড়ির ধাক্কা, নিহত ৯

আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 08:46 AM

Updated : 22 Nov 2026, 08:46 AM

ভারতের রাজস্থানের কোটা-উদয়পুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

বাংলাদেশ সময় শনিবার রাত আড়াইটার দিকে শম্ভুপুরা গ্রামের কাছে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি ক্রুজার গাড়ি।

এনডিটিভি লিখেছে, গাড়িটিতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন ছিলেন। তারা রাজস্থানের খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে।

আহত ছয়জনকে অ্যাম্বুলেন্সে করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনার খবর পেয়ে সিটি এসপি তেজস্বিনী গৌতম ঘটনাস্থলে যান। পুলিশ ও উদ্ধারকর্মীরা গাড়ির ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করেন এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

আহতদের চিকিৎসায় হাসপাতালেও একটি চিকিৎসক দল রাখা হয়েছে। পরিস্থিতি দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ (এডিএম-সিটি) পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দুর্ঘটনাস্থল এবং হাসপাতালে যান।

নয়জনের মৃত্যুকে ‘অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক’ বলে বর্ণনা করেন অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ যোশী।

তিনি বার্তা সংস্থা এএনআইকে বলেন, “খাতু শ্যাম মন্দির দর্শন শেষে তারা মহারাষ্ট্রে ফিরছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য।

“এখন আমাদের অগ্রাধিকার হচ্ছে আহত ব্যক্তিরা যেন যথাযথ চিকিৎসা পান এবং সুস্থ হয়ে ওঠেন।”

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ময়নাতদন্ত করা হবে বলে জানান তিনি।