১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শ্রমিক আন্দোলনে নিহত সেলিমের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রশাসনের

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেছেন, শ্রমিক আন্দোলনে নিহত সেলিমের পরিবারের পাশে থাকবে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 12:17 AM

Updated : 18 Nov 2026, 12:17 AM

ঢাকার সাভারে শ্রমিক আন্দোলনে আহত হয়ে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সেলিম হাওলাদার মারা গেছেন। তার বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুরে। একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা পরিবার।

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেছেন, শ্রমিক আন্দোলনে নিহত সেলিমের পরিবারের পাশে থাকবে প্রশাসন।

নিহতের পরিবার জানায়, উত্তর কানাইপুরের বাসিন্দা রহিম হাওলাদার পরিবার নিয়ে ২০ বছর ধরে ঢাকার সাভারের সবুজবাগ এলাকায় থাকেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন ছেলে সেলিম। তিনি একটি জুতা কারখানায় কাজ করতেন।

৪ নভেম্বর দুপুরে কারখানার কাজ শেষে অন্য শ্রমিকদের সঙ্গে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় মজুরি বৃদ্ধির দাবিতে চলা শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ধাওয়া দিয়ে সেলিমকে মারধর করা হয়।

এ সময় পোশাক কারখানার অন্য শ্রমিকরা তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১২ দিন মৃত্যু শয্যায় থাকার পরে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরিবার জানায়, সেলিমের আয়েই তাদের পুরো সংসার চলত। তার চিকিৎসার ব্যয় মেটাতেই হিমশিম খেতে হয়েছে পরিবারকে। সহিংসতায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি তারা।

নিহত সেলিমের বাবা রহিম হাওলাদার বলেন, “আমার ছেলে এভাবে মারা যাবে, এই শোক কিছুতেই মেনে নিতে পারছি না। পরিবারের আয়ের একমাত্র ব্যক্তি ছিল সেলিম। আমরা এখন কী করে বাঁচব, আর সংসারই কীভাবে চলবে, এটা বুঝতে পারছি না। সরকারের সহযোগিতা চাই।”

নিহতের মা সেলিনা বেগম বলেন, “মাস শেষে ছেলের বেতনের টাকা দিয়েই সংসার চলত। একদিকে ছেলেকে হারানোর শোক, অন্যদিকে পরিবার নিয়ে এখন দুশ্চিন্তা। সরকার পাশে না দাঁড়ালে এখন বেঁচে থাকতে পারব না। আর যারা আমার ছেলেকে হত্যা করেছে, তাদের কঠিন বিচার চাই।”

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, “শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সেলিম হাওলাদার নিহতের ঘটনায় জেলা প্রশাসন শোকাহত। তার পরিবারের পাশে থাকবে জেলা প্রশাসন। সরকারিভাবে সব ধরনের সহযোগিতা করা হবে।”