বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ২ নির্মাণ শ্রমিক নিহত
পটুয়াখালীর বাউফল থেকে ছেড়ে আসা বাসটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে উপজেলার ভরপাশা ইউনিয়নের ভাঙ্গাপুল এলাকায় এ ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানিয়েছেন।
নিহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দক্ষিণখান গ্রামের ফিরোজ আলমের ছেলে আলী আকবর (৩০) এবং পটুয়াখালীর ছোট বিঘাই গ্রামের বাসিন্দা মাহতাব (২২)।
তারা বরিশাল সেনানিবাসে স্থাপনা নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান রেইনবো কনস্ট্রাকশনের শ্রমিক হিসেবে কাজ করতেন।
ওসি আদিল হোসেন বলেন, বাউফল থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা পটুয়াখালী পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় মোটরসাইকেলের দুই অরোহীকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য দুজনের লাশ লেবুখালী মহাসড়ক থানা পুলিশ ক্যাম্পের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
লেবুখালী মহাসড়ক থানা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জয়ন্ত দাস বলেন, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।
