২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

মিছিল থেকে নেতাকর্মীরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 09:40 PM

Updated : 29 Nov 2026, 09:40 PM

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।

রোববার বিকালে জেলা যুবদলের ব্যানারে শহরের উত্তর তেমুহনী থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল থেকে নেতাকর্মীরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু বলেন, “বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সারাদেশে আমাদের নেতাকর্মীদের গুম, খুন ও বিভিন্ন মামলা দিয়ে নির্যাতন করেছে। জুলাই আন্দোলনের পর শেখ হাসিনা তার আত্মীয়স্বজনসহ ভারতে পালিয়ে গেছেন। সেখান থেকে বসে আজ তারা দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা এর দাঁতভাঙা জবাব দেব।”

জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নেতৃত্বে কর্মসূচিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পূর্ব) বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, দালাল বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল উপস্থিত ছিলেন।