২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাংচুরের অভিযোগ

“বাড়িতে হামলার পর উল্টো বাড়ির বাসিন্দা পাঁজনকে পুলিশ ধরে নিয়ে যায়।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 04:40 PM

Updated : 21 Nov 2026, 04:40 PM

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের পাঁচটি ঘরে হামলা, ভাংচুর ও দুটি ঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

ওই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আটক পাঁচজন তাদের পরিবারের সদস্য।

পুলিশ বলছে, বিএনপি ও আওয়ামী লীগের অনুসারীদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।

হামলার শিকার ব্যক্তিদের দাবি, স্থানীয় বিএনপির নেতৃত্বে বহিরাগতরা শুক্রবার সন্ধ্যায় ওই হামলা চালায়। অন্যদিকে বিএনপি নেতাদের দাবি, ওই এলাকায় আশ্রয় নেওয়া ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা’ বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করেছে।

দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম মাদার্শা গ্রামের নবাব চান্দের নতুন বাড়ি এলাকায় শুক্রবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। ওই বাড়ির বাসিন্দারা আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সাথে জড়িত।

স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে একটি মিছিল নিয়ে এসে একদল লোক বাড়িটিতে অতর্কিত হামলা চালায়। সেসময় ওই বাড়ির কয়েকটি ঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

হামলাকারীরা স্থানীয় সেলিম উদ্দিন, তাজ উদ্দিন নবাব, আকবর হোসেন, শেখ বাবর, আরিফ ও আরমান আহমেদের বাড়িতে ভাঙচুর করে।

ক্ষতিগ্রস্ত সেলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বাড়িতে ছিলাম না। পরিবারের শিশু ও কম বয়সী পুরুষ এবং নারী ও বৃদ্ধরা বাড়িতে ছিল। গত মাসখানেক ধরেই হামলা করার চেষ্টা করা হচ্ছে।

“গতকাল মাগরিবের নামাজের পরপর মিছিল নিয়ে এসে প্রায় দুইশ লোক হামলা চালায়। তাদের মধ্যে বেশিরভাগই বহিরাগত লোকজন। তারা পাঁচটি ঘর ভাংচুর করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। আমাদের দুটি ঘরে আগুন দেয়।”

ঘটনার সময় পুলিশ উপস্থিত ছিল জানিয়ে সেলিম উদ্দিন বলেন, “বাড়িতে হামলার পর উল্টো বাড়ির বাসিন্দা পাঁজনকে পুলিশ ধরে নিয়ে যায়।”

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, ক্ষতিগ্রস্ত ঘরগুলোতে ভাংচুর চালানো হয়েছে। আলমারি খোলা, টেলিভিশন ভাঙা এবং জানালা-দরজা ভাঙা। কাপড়চোপড়সহ বিভিন্ন জিনিসিপত্র মাটিতে ছড়ানো।

ঘটনার বিষয়ে জানতে বিএনপি নেতা ও দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান বাদশাকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থানীয় এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাড়িটিতে আওয়ামী সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছিল। খবর পেয়ে আমাদের দলের লোকজন সেখানে গেলে তাদের উপর হামলা করা হয়। আমাদের লোকজনও আহত হয়েছে।”

ঘটনার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিছু ছবি ও ভিডিও দেখতে পেয়েছি। ঘটনার বিষয়টি যাচাই বাছাই করতে আমাদের টিম সেখানে গেছে।

“স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের লোকজনের মধ্যে সংঘর্ষে দুই পক্ষের মোট পাঁচজন আহত হয়েছে।”

ভাংচুরের ঘটনার সময় পুলিশ উপস্থিত ছিল, এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা কাজী মো. তারেক আজিজ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছিল। সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।”

‘হামলার অভিযোগে’ বিএনপির পক্ষ থেকে হাটহাজারী থানায় একটি মামলা করা হয়েছে।

যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কেউ অভিযোগ নিয়ে থানায় গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা কাজী মো. তারেক আজিজ।