চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি মাহাতাবের বাসায় হামলা
ওসি বলেন, হামলার খবর পেয়ে পুলিশ গিয়েছিল। বাসার সামনে কিছু ভাঙ্গা কাঁচের টুকরো দেখা গেছে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত রাতে নগরীর দামপাড়া এলাকার পল্টন রোডে তার বাসভবনে এ হামলা চালানো হয়।
হামলার একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, একদল যুবক লাঠিসোঁটা নিয়ে বাসভবনের ফটকে ভাঙচুর করছে। এ সময় তারা ভবন লক্ষ্য করে ঢিল ছোড়ে এবং লাঠি দিয়ে জানালার কাচ ভাঙে।
চকবাজার থানার ওসি নুর হোসেন মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। বাসার সামনে ভাঙা কাচের কিছু টুকরো পাওয়া গেছে। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।
২০১৭ সালের ডিসেম্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর মাহতাব উদ্দিন চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান। ২০২৩ সালের ৬ আগস্ট তাকে পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগ নেতা জহুর আহমদ চৌধুরীর মেজ ছেলে মাহতাব উদ্দিন চৌধুরী ২০২৪ সালের ৫ অগাস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আত্মগোপনে রয়েছেন।
