রূপগঞ্জে বকেয়া বেতন না দিয়ে ছাঁটাই, শ্রমিকদের সড়ক অবরোধ-ভাঙচুর
বেতন পরিশোধের আশ্বাস দিলে ঘণ্টাখানেক পর শ্রমিকেরা অবরোধ তুলে নেন বলে জানায় শিল্প পুলিশ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বকেয়া বেতন পরিশোধ না করে কয়েকজন শ্রমিককে ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠান আম্বার বোর্ড মিলস লিমিটেডের শ্রমিকেরা।
শনিবার সকালে উপজেলার হাটাব এলাকার রূপসী-কাঞ্চন সড়ক অবরোধ করে ঘণ্টাখানেক বিক্ষোভ করেন তারা।
পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা বিক্ষোভ তুলে নেন বলে জানিয়েছেন শিল্প পুলিশের পরিদর্শক আনোয়ারুল হক।
তিনি বলেন, সকালে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। পরে রূপগঞ্জের ইউএনও, পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বকেয়া বেতনের দাবিতে সকাল সাড়ে ৮টা থেকে কারখানার সামনে জড়ো হতে থাকেন শ্রমিকেরা। ৯টার দিকে তারা রূপসী-কাঞ্চন সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা।
শ্রমিকদের অভিযোগ, ২৩ সেপ্টেম্বর গ্যাস সংকটের অজুহাতে প্রতিষ্ঠানটি লে-অফ ঘোষণা করা হয়। পরে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। তবে শ্রমিকদের তিন থেকে চার মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। একের পর এক তারিখ দিয়েও কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ হয়ে কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকরা।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ বিন শফিক বলেন, তিন থেকে চার মাসের বেতন বকেয়া রেখেই মালিকপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে বলে অভিযোগ করেছেন শ্রমিকেরা। ২০ নভেম্বর বকেয়া পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ তা দেয়নি।
“আন্দোলনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক অবরোধ তুলে নেন”, বলেন ইউএনও।
ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন আম্বার বোর্ড মিলস লিমিটেডের মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক কামরুল ইসলাম।
