শ্রমিকদের অসন্তোষের মধ্যে কারখানায় কারখানায় মজুরি বোর্ড
“যে কয়টা ফ্যাক্টরি পরিদর্শন করলাম, তাদের মধ্যে প্রত্যাশা আছে, তবে অসন্তোষ পাই নাই,” বলেন সৈয়দ আজাদ সুবহানী।
তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ চলার মধ্যেই তাদের ন্যূনতম বেতন নির্ধারণের জন্য মালিকের বেতন দেওয়ার সক্ষমতা ও শ্রমিকদের চাহিদার বাস্তব চিত্র পেতে বিভিন্ন কারখানায় যাচ্ছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
এ পর্যন্ত চট্টগ্রাম, ঢাকা ও নারায়ণগঞ্জের আটটি কারখানা পরিদর্শন করেছেন তিনি।
বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার।
এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।
তারপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে কয়টা ফ্যাক্টরি পরিদর্শন করলাম, তাদের মধ্যে প্রত্যাশা আছে, তবে অসন্তোষ পাই নাই। আমি কথা বলেছি, প্র্যাকটিক্যালি কত বেতন পায়, কীভাবে থাকে, তাদের ওপর নির্ভরশীল কতজন, পরিবারে আর কোনো কর্মক্ষম লোক আছে কি না, তারা কী কাজ করে, তাদের প্রত্যাশা কী।”
তিনি বলেন, শ্রমিকরা বাস্তবে কত পায়, ওভারটাইম বাবদ কত পায়- এগুলো তারা বলেছে।
৯ নভেম্বর এ খাতের নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেয় শ্রমিকপক্ষ।
সে দিন মালিকপক্ষ কোন প্রস্তাব না দিয়ে সময় চাইলে বোর্ড চার দিনের সময় দেয়। যদিও সেই চার দিন পার হয়ে গেছে। সোমবার মজুরি সভার বোর্ড সভা স্থগিত করা হয়।
স্থগিত হওয়া তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। সে দিন বেলা সাড়ে ১১টায় শ্রম ভবনে এই সভায় হওয়া কথা রয়েছে।
মালিকপক্ষ কোনো প্রস্তাব না দিলেও জানা গেছে তারা ১৫ হাজার টাকা ন্যূনতম বেতন দিতে চায়।
যদি এরকম প্রস্তাব আসে, তাহলে বোর্ডের পক্ষে সমন্বয় করা কী কঠিন হবে কি না, জানতে চাইলে চেয়ারম্যান বলেন, “কিছু পত্রিকায় দেখলাম যে ওনাদের একটা আইডিয়া, যেটা আপনি বললেন, কিন্তু মালিকপক্ষ এখনো কিছু এরকম বলে নাই। ওনারা তো ফরমালি দেবেন পরবর্তী বৈঠকে। এ বিষয়টা আমি উপস্থাপন করি নাই। আর তারাও বলেনি।”
শনিবার মালিকদের তরফে তাদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ সংবাদ সম্মেলন করেছে।
সেখানে পোশাক কারখানার উদ্যোক্তারা বলেছেন, কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে এবং শ্রমিকেরা কাজে যোগ না দিলে রোববার থেকে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন।
১৩টি কারখানায় কর্মীদের ছুটির সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় শনিবার রাতে। আর রোববার সকালে ১৬টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার আবার সাভার-আশুলিয়া, গাজীপুরে শিল্পাঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে। সকাল থেকেই সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার খেজুরবাগান এলাকায় শ্রমিকরা রাস্তায় নামে। খেজুরবাগান এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। পরে কাঁদুনে গ্যাস, সাউণ্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাভার ও আশুলিয়া অঞ্চলের ৮০টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ১১৭ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে শিল্প পুলিশ।
মজুরি বোর্ডের তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর থেকে দেশের বিভিন্ন শিল্প এলাকায় বোর্ড সদস্যদের নিয়ে যাচ্ছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
চট্টগ্রামে চারটি কারখানা পরিদর্শন করেছেন তারা। এগুলো হল-লিংকওয়্যার লিমিটেড, ব্রাইট অ্যাপারেলস, আঁখি অ্যাপারেলস, অ্যাপারেল প্রমোটেক্স লিমিটেড।
রোববার আজাদ সুবহানী মজুরি বোর্ডের সকল সদস্যসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার তিনটি কারখানায় গেছেন। সেগুলো হল-প্রমিনেন্ট অ্যাপারেলস, আইএফএস টেক্সওয়্যার (প্রা:) লিমিটেড, ফকির নিটওয়্যারস লিমিটেড।
পরের দিন সোমবার ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুর এলাকায় অবস্থিত একেএইচ নিটিং অ্যান্ড ডাইং ফ্যাক্টরি পরিদর্শন করেন মজুরি বোর্ডের চেয়ারম্যান।
তার সঙ্গে ছিলেন নিম্নতম মজুরি বোর্ডের সদস্য, তৈরি পোশাক খাতের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।
মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, “প্র্যাকটিক্যালি আমরা কিন্তু যে কাজ করে যাচ্ছি, যাতে করে ডিসেম্বরের মধ্যে আমরা কাজটা শেষ করতে পারি। জানুয়ারিতে বেতন যোগ হবে। মানে, বকেয়া হিসেবে ডিসেম্বর মাসের, ডিসেম্বরের এক তারিখ থেকে বর্ধিত বেতনই হোক, সেটা তারা জানুয়ারি মাসে পাবে। কিন্তু কার্যকর হচ্ছে ডিসেম্বরের এক তারিখ থেকে।”
সমন্বয় করে গেজেট প্রকাশ করা হবে জানিয়ে আজাদ সুবহানী বলেন, “আইনগত আনুষ্ঠানিকতা বাকি আছে, মালিকরা একটা প্রস্তাব দেবেন। এটা নিয়ে আবার নিশ্চয় শ্রমিকপক্ষ আলোচনা করবে, নেগোশিয়েশনের টেবিলে আসবে বা ডিবেট করবে ইত্যাদি। এরপরে আবার আরেক দফা ধরে নিতে হবে। তখন হয়তো শ্রমিকপক্ষ একটু কমে আসতে পারে, মালিকপক্ষ একটু বাড়তে পারে। আমরা সেই প্রত্যাশায় আছি।
সংশ্লিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতি ও সূচক অনুসরণ করে মজুরি বোর্ড প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, “আমরা মানে সুপারিশ আমরা করবই সরকারের কাছে। সেটা হল-আমরা গেজেট প্রকাশ করব। গেজেট প্রকাশের পরে, আমরা এটা—আমরা গেজেটটা প্রকাশ হলে সেখানে কারো কোনো আপত্তি আছে কি না, এটা আইন অনুযায়ী। এর জন্য ১৪ দিন সময় থাকে। এ ১৪ দিন দিতেই হবে।”
মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ বলেন, “আমরা প্রতিটি কারখানায় গিয়ে কার সঙ্গে কি কথা হয়েছে সেটার একটা প্রতিবেদন তৈরি করছি। সেটা প্রকাশ করা হবে।”
