০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

নিম্নতম মজুরি বোর্ডে নতুন চেয়ারম্যান সুবহানী

দায়িত্ব পেয়েই পোশাক শিল্পের মজুরি বোর্ডের প্রথম সভা করেছেন সুবহানী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 02:39 PM

Updated : 04 Nov 2026, 02:39 PM

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পদে পরিবর্তন এনেছে সরকার।

বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়।

এতে বলা হয়, পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানী মজুরি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

তিনি বিচারক শেখ আশফাকুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। বিদায়ী চেয়ারম্যানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সৈয়দ আজাদ সুবহানী দায়িত্ব পাওয়ার প্রথম দিনেই পোশাক শিল্পের মজুরি বোর্ডের প্রথম সভা করেছেন। এদিন বেলা ১১টা ২৫ মিনিটে সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক হয়।

শ্রম আইন অনুযায়ী, পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ করার জন্য বোর্ড প্রথম সভায় বসে।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাক শিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার।

চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।

নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুবকে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন শ্রমিকপক্ষের প্রতিনিধি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য করা হয়েছে।

সেদিনই পোশাক শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের আলাদা মজুরি বোর্ড গঠন করে সরকার।

শ্রম আইন অনুযায়ী, ন্যূনতম মজুরি বোর্ডের চারজন সদস্যের সঙ্গে তৈরি পোশাক খাতের মালিক ও শ্রমিকপক্ষের একজন করে প্রতিনিধিকে যুক্ত করে ছয় সদস্যের এ বোর্ড গঠন করা হয়।

মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডের সদস্য হয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন। আর বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার শ্রমিকপক্ষের প্রতিনিধি হয়েছেন।

পুরনো খবর:

শ্রমিক অসন্তোষের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন