২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে বুলডোজার দিয়ে বাড়িঘর গুঁড়িয়ে দিল প্রতিপক্ষ

ভাঙচুর, মালামাল লুট ও হামলার অভিযোগে ২৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে বুলডোজার দিয়ে বাড়িঘর গুঁড়িয়ে দিল প্রতিপক্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হিরাঝিল এলাকায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া বাড়ির ধ্বংস স্তূপের সামনে এক নারীর আহাজারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 11:17 PM

Updated : 24 Nov 2026, 11:21 PM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় আবাসিক এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

ভাঙচুর, মালামাল লুট ও হামলার অভিযোগে মঙ্গলবার বিকালে এক নারী সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় ১৪ জনের নাম ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।

মঙ্গলবার ভোরে উপজেলার হিরাঝিল আবাসিক এলাকার ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।

ওই এলাকার প্রয়াত লঙ্কর আলী ভূঁইয়ার দুই ছেলে মো. জয়নাল আবেদীন ভূঁইয়া ও গোলাম মোস্তফা ভূঁইয়া এবং দুই মেয়ে সুলতানা বেগম ও সখিনা বেগম পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া ওই জমি দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। মামলার বাদী হয়েছেন সুলতানা।

ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা পেশায় স্বর্ণকার শাহিন ও তার লোকজন দেশি অস্ত্র, ভেকু ও ট্রাক নিয়ে বাড়িঘরে হামলা চালান। এ সময় কয়েকটি টিনশেড ঘর ও একটি বেকারি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। হামলায় বেকারি মালিক জুবায়ের আহত হয়েছেন বলেও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

মামলার এজাহারে বলা হয়, প্রায় ছয় মাস ধরে বাদীর বসতবাড়ির সম্পত্তি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন মামলার এক নম্বর আসামি মো. শাহিন। এতে রাজি না হওয়ায় বিভিন্ন সময়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

এজাহারের অভিযোগ অনুযায়ী, ভোরে আসামিরা দেশি অস্ত্র, ভেকু ও ট্রাক নিয়ে বাদীর বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় চার কক্ষবিশিষ্ট টিনশেড ঘর, দুটি টয়লেট ও রান্নাঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ ছাড়া ঘরে থাকা আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, স্বর্ণালংকার, জমির মূল দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

এ ছাড়া বাদীর বড় ভাই মো. জয়নাল আবেদীন ভূঁইয়ার বসতঘর ভাঙচুর করে স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগ রয়েছে। ছোট ভাই গোলাম মোস্তফা ভূঁইয়ার সাত কক্ষবিশিষ্ট টিনশেড ঘর ও লাইট বেকারি ভেঙে দেওয়ার পাশাপাশি বেকারির যন্ত্রপাতি, মালামাল ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, ভাঙচুর ও মালামাল নিয়ে যাওয়ার সময় বাধা দিলে বাদীসহ পরিবারের সদস্য, ভাড়াটিয়া ও বেকারির কর্মচারীদের মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যান।

বিকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বসতবাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভাঙা ইট, টিন, কাঠ ও গৃহস্থালি সামগ্রী।

ভুক্তভোগী জয়নাল মিয়ার মা জহুরা অভিযোগ, ভোররাতে স্বর্ণকার শাহিন ও তার লোকজন তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এ সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

হিরাঝিল আবাসিক এলাকার সমাজকল্যাণ সমিতির সভাপতি আব্দুল মতিন বলেন, রাতের আঁধারে ৭০ থেকে ৮০ জনের একটি দল এলাকায় এসে হামলা চালায়। তারা বুলডোজার দিয়ে টিনশেড বাড়িঘর ভাঙচুর করে। প্রায় ৩০ বছর ধরে তারা এ এলাকায় বসবাস করছেন, কিন্তু এমন ঘটনা আগে কখনো দেখেননি।

স্থানীয় বাসিন্দা রাব্বি অভিযোগ করেন, হামলার সময় বেকারি মালিক জুবায়েরকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এ ছাড়া তার ঘরে থাকা নগদ টাকা-পয়সাও নিয়ে গেছে হামলাকারীরা।

আসামিরা হলেন- মো. শাহিন (৪০), মো. সজীব (৪০), মো. গোলাম মোস্তফা সুমন (৪০), মো. বিল্লাল (৩২), মো. কাদের (৩০), মো. রবিন (২৮), মো. মেহের আলী (৩৫), মোহাম্মদ আলী (৩০), মো. সবুজ (২৮), মো. রিদয় (২৫), মো. শরীফ (২৭), মো. প্রিতম (২৫), মো. মাহাবুব (৩৫) এবং মো. জসিম (৬০)।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে দুই পক্ষকে ডেকে কথা বলা হয়েছিল। কিন্তু এরপর এক পক্ষ এসে বাড়িঘরে ভাঙচুর চালায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, তারা অভিযোগ পেয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।