ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ সেই ইকরামকে গুলি
এ ঘটনায় সন্ত্রাসী বড় সাজ্জাদ ও তার অনুসারীদের দায়ী করছেন ইকরামের স্ত্রী।
চট্টগ্রামের সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দিয়ে’ আলোচনায় আসা সেই ইকরামের পেটে গুলি করা হয়েছে।
সোমবার নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহত ইকরামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইকরামকে হত্যার জন্য এর আগে হুমকি পাওয়ার কথা বলেছিল তার পরিবার।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) কাজী মো. বিধান আবিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “প্রাথমিক ভাবে জেনেছি মোটরসাইকেলে করে এসে কয়েকজন যুবক গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে এসেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে।”
ইকরামের স্ত্রী রুমা আক্তার স্মৃতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে বাসা থেকে নিচে নেমেছিলেন ইকরাম। এসময় তাকে গুলি করা হয়।”
এ ঘটনার জন্য স্মৃতি সন্ত্রাসী বড় সাজ্জাদ, তার অনুসারী রায়হান, সাবের ও ইসমাইল নামে কয়েকজনকে দায়ী করে স্মৃতি বলেন, “এর আগেও বিভিন্ন সময়ে তারা ইকরাম ও আমাকে হুমকিয়ে দিয়ে আসছিল। এসব ঘটনায় আমরা বিভিন্ন সময়ে মামলাও করেছিলাম। তারা আমার স্বামীকে অস্ত্র নিয়ে ফাঁসিয়ে গ্রেপ্তার করিয়েছিল।”
গত বছরের ১৪ নভেম্বর ইকরামকে বিদেশি নম্বর থেকে এসএমএসে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছিলেন স্মৃতি। এসএমএস বার্তায় লেখা ছিল- “খুব দ্রুত সময়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। তোকে গুলি করে মারব না, ব্লেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারব। তোর মামলার এক নম্বর আসামি হব আমি।”
এ ঘটনার জন্য ইকরাম সন্ত্রাসী রায়হানকে দায়ী করেছিলেন।
চলতি বছরের ২০ মার্চ ইকরামের স্ত্রী স্মৃতি পাঁচলাইশ থানায় নিরাপত্তা চেয়ে জিডি করেছিলেন। সেখানে তিনি সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করার কারণে এ হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছিলেন।
তার আগে গত ১৭ ফেব্রুয়ারি নগরীর আরেফিন নগর এলাকায় বায়েজিদ লিঙ্ক রোড থেকে ইকরাম ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছিল তখনকার র্যাব। এসময় র্যাবের দাবি ছিল, ইকরামের কাছ থেকে ৭ পয়েন্ট ৬৫ বোরের দুইটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওই ঘটনায় ইকরামের স্ত্রী দাবি করেছিলেন, তার স্বামীকে ফাঁসানো হয়েছে।
আরও পড়ুন-
চট্টগ্রামে ব্যবসায়ীকে ‘ব্লেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারার’ হুমকি
ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দিয়ে’ এখন নিরাপত্তা চেয়ে নারীর মামলা
ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরাম পিস্তলসহ র্যাবের হাতে ধরা
