১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

অমিতাভ-অভিষেকের উপর ‘গুলি চলবেই’, ২০০ হামলাকারী প্রস্তুত: হুমকির পোস্ট

শিখ সম্প্রদায়কে নিয়ে অমিতাভ বচ্চনের অতীতের কিছু কথিত মন্তব্যকে কেন্দ্র করে তাকে নিশানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 12:50 PM

Updated : 18 Nov 2026, 12:50 PM

নিরাপত্তা ব্যবস্থা যতই জোরদার হোক না কেন, বুলেটপ্রুফ কাচ দিয়ে নিজেকে যতই আড়ালে রাখা হোক, ‘লাভ নেই, অমিতাভ-অভিষেকের উপর গুলি চলবেই’।

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং তার ছেলে অভিষেক বচ্চন সরাসরি এমন হুমকি পেয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

গত মাসে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’তে তিনটি পৃথক বোমা হামলার হুমকি দেওয়া ইমেইল দেওয়ার পর নতুন করে আসা এই হুমকি বার্তা আলোচনায় এসেছে।

গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর নামে প্রকাশিত একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে দাবি করা হয়েছে, মুম্বাইয়ে তার অন্তত ২০০ সহযোগী বাবা-ছেলেকে হামলার জন্য প্রস্তুত রয়েছেন।

এদিকে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখ্‌স ফর জাস্টিস’ (এসএফজে) সংগঠনের প্রধান গুরপতবন্ত সিং পন্নুন অমিতাভের বাড়ি ‘জলসা’র সামনে জমায়েতের ডাক দিয়েছেন। বুধবার থেকে ২৭ নভেম্বরের মধ্যে ওই জমায়েত করার কথা বলেছেন গুরপতবন্ত সিং।

তিনি বলেছেন অমিতাভের বাড়ির সামনে ‘খলিস্তান জলসা’-র আয়োজন করতে পারলে ১১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।

‘গুলি চালানো হবেই’

গোল্ডি ধিলোঁর দাবি, কদিন আগে দিল্লি পুলিশের হাতে তার দুই সহযোগী বিকাশ ঠাকুর এবং দীপক সিংয়ের গ্রেপ্তারের ঘটনাতেও তার পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না।

ওই পোস্টটিতে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা ব্যক্তিদেরও হুমকি দেওয়া হয়েছে। এছাড়া ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা শিখ সম্প্রদায় সম্পর্কে বিরূপ মন্তব্যকারীদের ক্ষমা করা হবে না, তারা পৃথিবীর যে দেশেই থাকুন না কেন জবাবদিহি করতেই হবে বলে জানিয়েছে দেওয়া হয়েছে। এছাড়া অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেকের নাম উল্লেখ করে সতর্ক করা হয়েছে।

ধিলোঁর বলেন, "তারা (অমিতাভ ও অভিষেক) যতই বুলেটপ্রুফ কাচের ঘর তৈরি করুক না কেন, তাদের ওপর গুলি চালানো হবে।”

মুম্বাইয়ে বাসভবন ‘জলসার’ বাইরে এসে প্রতি রোববার ভক্ত-অনুরাগীদের দেখা দেন অমিতাভ। এই রীতি বহুদিনের। সে সময় ভক্তদের উদ্দেশে হাত নাড়েন তিনি, কখনও কখনও কুশলও বিনিময় করেন তাদের সঙ্গে।

চলতি মাসের শুরু থেকে অমিতাভ জলসার বাইরে দাঁড়াচ্ছে নিরাপত্তার ঘেরাটোপে। অভিনেতাকে তিন দিক ঘেরা স্বচ্ছ বুলেটপ্রুফ কাচের ভেতরে দাঁড়িয়ে ভক্তদের শুভেচ্ছা জানাতে দেখা যায়।

ভারতের কিছু সংবাদমাধ্যমের দাবি, অমিতাভ বচ্চনের অতীতের কিছু কথিত মন্তব্যকে কেন্দ্র করে তাকে নিশানা করার অভিযোগ উঠেছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টের সত্যতা ও সেখানে করা দাবিগুলো স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

দিল্লি পুলিশ গেল শনিবার অমিতাভের বাড়ি ‘জলসা’র সামনে থেকে সন্দেহভাজন দুই হামলাকারী বিকাশ ঠাকুর ও দীপক সিংকে ধরেছে। এর পরই এই হুমকি আসল।

পুলিশের উপকমিশনার নারা চৈতন্য বলেন, তদন্তে এসেছে বিকাশ ঠাকুর মুম্বাই থেকে দিল্লিতে গিয়েছিলেন এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর উদ্দেশ্যে। চাঁদাবাজির সঙ্গে যুক্ত ওই হামলার নির্দেশ দিয়েছিলেন বিদেশে থাকা এক গ্যাংস্টার।

তাদের পরিকল্পনা ছিল, পরে দীপক সিং বিকাশের সঙ্গে যোগ দেবেন। কিন্তু হামলার আগেই বিকাশকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মুম্বাইয়ে আত্মগোপনে থাকা দীপককেও গ্রেপ্তার করা হয়।

পুলিশে জেনেছে, দীপককে মুম্বাইয়ে অবস্থান করে একজন বলিউড অভিনেতার বাড়ির বাইরে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। ওই অভিনেতাকে অমিতাভ বচ্চন হিসেবে শনাক্ত করেছে পুলিশ।

এদিকে হুমকির বিষয়ে অমিতাভ বচ্চন কিংবা অভিষেক বচ্চনের সরাসরি প্রতিক্রিয়াও এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি।

পুরনো খবর:

হামলার হুমকি: কাচের বাক্সের ভেতর থেকে অনুরাগীদের দেখা দিলেন অমিতাভ