১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও মেয়েকে হত্যার হুমকি, চড়া মুক্তিপণ দাবি

৭ কোটি রুপি মুক্তিপণ না দিলে কেজরিওয়াল ও তার মেয়েকে মেরে ফেলার হুমকি ফোন এবং হোয়াটঅ্যাপ বার্তার মাধ্যমে দিয়েছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও মেয়েকে হত্যার হুমকি, চড়া মুক্তিপণ দাবি

অরবিন্দ কেজরিওয়াল। ছবি: এনডিটিভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 12:46 AM

Updated : 13 Nov 2026, 12:46 AM

ভারতের রাজধানী দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং তার মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পরিচয় দিয়ে ফোনে ৭ কোটি রুপি মুক্তিপণ দাবি করেছে হুমকিদাতা। রূপি না দিলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

আম আদমি পার্টির (আপ) বিধায়ক জারনাইল সিং মোহালি পুলিশের কাছে অভিযোগ করেছেন, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে ৭ কোটি রুপি দাবি করেন এবং তা না দিলে কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি দেন।

গত ৬ নভেম্বর পুলিশের কাছে দায়ের করা অভিযোগে দিল্লির তিলক নগরের এই বিধায়ক জানান, একটি মোবাইল নম্বর থেকে তিনি হুমকিসংবলিত ফোনকল ও হোয়াটসঅ্যাপ বার্তা পান; যে নম্বরটির ডিসপ্লে নামে ইংরেজি ‘এইচ’ অক্ষরটি দেখা যাচ্ছিল।

অচেনা নম্বর থেকে পাঠানো বার্তার প্রেরক নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দেন। অভিযোগ, হোয়াট্‌সঅ্যাপে বিধায়ককে বলা হয়, সাত কোটি রূপি না-দিলে কেজরিওয়াল এবং তার মেয়েকে হত্যা করা হবে।

পরে বিধায়কের ব্যক্তিগত মোবাইল নম্বরে পাঠানো একটি হোয়াটসঅ্যাপ বার্তাতেও একই হুমকি দেওয়া হয়। অভিযোগে ঘটনাটিকে চাঁদাবাজির চেষ্টা, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, আপ প্রধানের কাছে দাবি ও হুমকির বার্তা পৌঁছে দিতে ফোন করা ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিধায়ককে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন।

পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করে জারনাইল সিং অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর (প্রাথমিক তথ্যবিবরণী) নথিভুক্ত করা এবং এই অপরাধী চক্রের অন্য সদস্যদের সম্ভাব্য সম্পৃক্ততা তদন্তের অনুরোধ জানিয়েছেন।

ফোনকল ও হোয়াটসঅ্যাপ বার্তা পাঠাতে ব্যবহৃত মোবাইল নম্বরটির কল ডিটেইল রেকর্ড (সিডিআর), আইপি লগ এবং অবস্থানসংক্রান্ত তথ্য পরীক্ষা করার জন্য পুলিশের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।

অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার এবং এই চাঁদাবাজির চেষ্টায় জড়িত সম্ভাব্য সহযোগীদের খুঁজে বের করার দাবিও জানান এই বিধায়ক।

কেজরিওয়াল ও তার পরিবারের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির প্রেক্ষাপটে তাদের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয়ের আহ্বান জানিয়েছেন জারনাইল সিং।

প্রমাণ হিসেবে হুমকিসংবলিত হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট, বার্তা পাঠানোর সময় এবং প্রেরকের বিবরণ পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।

পঞ্জাব পুলিশ সূত্রে এনডিটিভি জানিয়েছে, যে নম্বর থেকে বার্তা পাঠানো হয়েছিল, সেটির বিভিন্ন ডিজিটাল নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মোবাইল নম্বরটির কল রেকর্ড, ইন্টারনেট প্রোটোকল লগ এবং লোকেশন ডেটাও খতিয়ে দেখা হচ্ছে।

সম্প্রতি মুম্বইয়ের জুহুতে বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। অভিনেতা জখম হয়েছিলেন হামলায়। ওই হামলার দায়স্বীকার করে বিষ্ণোই গ্যাং। পরে তুষার কপূরও হুমকি-বার্তা পান।

সেক্ষেত্রেও পাঁচ কোটি রূপি দাবি করা হয়েছিল। বলা হয়েছিল, ওই রূপি না দিলে অভিনেতাকে খুন করা হবে। তা নিয়ে তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশ। এসবের মধ্যেই এবার কেজরিওয়ালকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে।

গ্যাংস্টার লরেন্স ২০১৫ সাল থেকে গুজরাতের সবরমতী জেলে বন্দি। চক্রের হোতা জেলবন্দি থাকলেও তার সঙ্গীরা এখনও জেলের বাইরে সক্রিয়। মাঝে মধ্যেই এই গ্যাংয়ের নাম করে চাঁদাবাজি এবং খুনের হুমকির অভিযোগ প্রকাশ্যে আসে।