চাঁদপুরে জুয়ার টাকার জন্য নানিকে হত্যা, নাতি গ্রেপ্তার
পুলিশের দাবি, কিশোর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।
চাঁদপুরে নানিকে হত্যার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, অনলাইন জুয়ায় টাকা হারিয়ে সেই টাকা জোগাড় করতে নানিকে হত্যার পরিকল্পনা করে সে। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করার পর আদালতেও জবানবন্দি দিয়েছে ওই কিশোর।
সোমবার সন্ধ্যায় চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।
পুলিশ জানায়, ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত সড়কের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি কক্ষ থেকে লুৎফুন্নাহার (৬৫) নামের এক নারীর হাত-পা বাঁধা ও গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ওই ভবনের একটি ভাড়া বাসায় একাই থাকতেন তিনি।
এ ঘটনায় ২১ নভেম্বর নিহতের চতুর্থ মেয়ে সদর মডেল থানায় হত্যা মামলা করেন। তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে নিহতের নাতির জড়িত থাকার তথ্য পায় পুলিশ। পরে রোববার বিকাল সোয়া পাঁচটার দিকে শহরের জোড়পুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার কিশোর মুন্সিরহাট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে নিহত নারীর তৃতীয় মেয়ের বড় ছেলে। অনলাইন জুয়ায় টাকা হারানোর পর সেই টাকা জোগাড় করতে নানিকে হত্যার পরিকল্পনা করে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে।
সংবাদ সম্মেলনে নাদিরা নূর বলেন, ঘটনার দিন কৌশলে নানির বাসায় ঢুকে ওই কিশোর তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে ধারালো ছুরি দিয়ে গলা কেটে তাকে হত্যা করে। এরপর তার গলার স্বর্ণের চেইন, হাতের আংটি, কানের দুল ও ফোন নিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, গ্রেপ্তার কিশোরের দেওয়া তথ্য অনুযায়ী, ভবনটির সপ্তম তলার শৌচাগারের পাইপের ভেতর থেকে হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তার বাড়ির শয়নকক্ষের স্টিলের আলমারির নিচ থেকে নিহতের স্বর্ণের চেইন, আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর ওই কিশোর হত্যার দায় স্বীকার করেছে। পরে তাকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত তার জবানবন্দি রেকর্ড করেছেন।
