১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ ভ্যান চুরি ‘নাশকতার উদ্দেশ্যে’, ধারণা উপকমিশনারের

“গাড়িটি নির্জন কোনো স্থানে নিয়ে অন্য কারো হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 12:40 PM

Updated : 19 Nov 2026, 12:40 PM

চট্টগ্রামের হালিশহর থানার টহল দলের গাড়িটি ‘নাশকতা’ সৃষ্টির জন্য চুরি করা হয়েছিল বলে ধারণা পুলিশের।

নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে চুরির সঙ্গে জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তারের পর বাহিনীর তরফে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মো. রুবেল (৪০) একজন গাড়িচালক। বিভিন্ন সময়ে রিকুইজিশনে নেওয়া পুলিশের গাড়িও চালিয়েছেন তিনি।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার রুবেল সবার পরিচিত ছিলেন। তিনি বিভিন্ন সময়ে পুলিশের ভাড়া নেওয়া গাড়িও চালাতেন। পরিত্যক্ত অবস্থায় গাড়ি উদ্ধারের পর রাতে দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উপকমিশনার আলমগীর হোসেন বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকার প্রলোভনে পড়ে রুবেল গাড়িটি চুরি করার কথা জানিয়েছে। গাড়িটি নির্জন কোনো স্থানে নিয়ে অন্য কারো হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। পরে হয়তো গাড়িটিতে আগুন দিয়ে ভিডিও শেয়ার করা হতো।”

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করার কাজ চলছে বলে জানান তিনি।

বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন গেইটের পুনাক ক্যান্টিনের সামনে থেকে চুরি হয় পুলিশের একটি পিকআপ ভ্যান।

পুলিশের ভাষ্য, ওই গাড়িতে টহল দলের সদস্যরা ছিলেন। দুপুরে খাওয়ার জন্য তারা পুনাক ক্যান্টিনে প্রবেশ করার কিছু সময়ের মধ্যে সেটি চুরি করে নিয়ে যায় এক ব্যক্তি।

সন্ধ্যা ছয়টার দিকে কর্ণফুলী উপজেলার ফকিরনির হাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়।