ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭, ‘আওয়ামী লীগের’ ১০৭ জন
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও রয়েছেন।
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০৭ জন রয়েছেন।
বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্য রয়েছেন।
তিনি বলেন, রাজধানীতে এক ধরনের ‘ব্লক রেইড ও চিরুনি অভিযান’ চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযানে মোট ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৬০টি মামলা হয়েছে।
বুধবার গভীর রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ।
একই রাতে উত্তরার আরেকটি বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আগের রাত থেকেই রাজধানীতে সতর্ক অবস্থানে ছিল পুলিশ।
সাম্প্রতিক দিনগুলোতে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কর্মসূচি ও সহিংসতার ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়। রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা ঠেকাতে পুলিশি টহল ও তল্লাশিচৌকির কার্যক্রম জোরদার করা হয়েছে।
