রাসায়নিক ও জৈব অস্ত্রের দিকে ইরানের নজর, অভিযোগ ট্রাম্পের
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কোনো প্রমাণ ছাড়াই এ দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট, ইঙ্গিত দিয়েছেন ১ জানুয়ারির পর নতুন কিছু করার।
পারমাণবিক অস্ত্রের বিকল্প হিসেবে ইরান এখন রাসায়নিক ও জৈব অস্ত্রের সম্ভাব্যতা খতিয়ে দেখছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে নিজের এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।
মিডিল ইস্ট আই লিখেছে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওয়াশিংটনে ইরানের হামলার আশঙ্কা তিনি দেখছেন না। তবে তেমন কিছু ঘটলে তেহরানকে ‘ভয়াবহ পরিণতি ও পাল্টা আঘাতের’ মুখে পড়তে হবে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে ফক্স নিউজের হোয়াইট হাউস প্রতিনিধি জ্যাকি হাইনরিখকে এই দীর্ঘ সাক্ষাৎকার দেন ট্রাম্প।
সেখানে তিনি বলেন, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রুখতে যুক্তরাষ্ট্র সফল হওয়ায় তেহরান এখন অপ্রচলিত যুদ্ধাস্ত্রের দিকে ঝুঁকছে।
ট্রাম্প বলেন, “ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইরান গ্যাস ও বায়োর (জৈব উপাদান) দিকে নজর দিচ্ছে, কারণ আমরা তাদের পারমাণবিক পথ বন্ধ করে দিয়েছি।”
তিনি বলেন, “পারমাণবিক অস্ত্র তৈরি অনেক কঠিন। তাই তারা গ্যাস ও বায়োর দিকে ঝুঁকছে। আপনারা জানেন, জৈব অস্ত্র মোটেও ভালো কিছু নয়, এর পাশাপাশি আরও অনেক কিছুই আছে।”
সাক্ষাৎকারে ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় ‘ডার্টি বোমা’ বিস্ফোরণ ঘটানোর সম্ভাব্য ইরানি ষড়যন্ত্রের খবর নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন হাইনরিখ।
নিরাপত্তা উদ্বেগে প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সামরিক ঘাঁটিতে বসবাসের বিষয়টিও তুলে ধরেন তিনি। এর জবাবেই এসব মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, ডার্টি বোমা হামলার পরিকল্পনার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নিশ্চিত করেননি ট্রাম্প।
তবে ওয়াশিংটনের বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার কারণ আছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “আমার তা মনে হয় না। না, দেখুন, যদি তেমন কিছু ঘটে, আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব।”
এটি তার প্রতিশ্রুতি কি না জানতে চাইলে ট্রাম্প জবাব দেন, “হ্যাঁ, আমি কথা দিচ্ছি।”
সাক্ষাৎকারে আগামী বছরের শুরু নিয়েও একটি অস্পষ্ট ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “নতুন বছর আসছে, ১ জানুয়ারির পর কী ঘটে আমরা তা দেখব।”
১ জানুয়ারির তাৎপর্য কী, তা স্পষ্ট করেননি ট্রাম্প। এর মাধ্যমে তিনি সম্ভাব্য কোনো সামরিক অভিযান, কূটনৈতিক অগ্রগতি নাকি ইরান বিষয়ে অন্য কোনো সিদ্ধান্তের কথা বুঝিয়েছেন, সে বিষয়েও কিছু জানাননি।
তবে ইরানি নেতৃত্বের প্রতি নিজের বৈরিতা পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, “এই যুদ্ধ আমরা শুরু করিনি।”
ইরানের শাসকগোষ্ঠীকে ‘জঘন্য লোক’ হিসেবেও আখ্যা দেন তিনি।
