বাজে লোকগুলো হেরে গেছে: ট্রাম্প, ভ্যান্সকে নিয়ে সেনেটর আল-সায়েদ
“আমার জীবনকালে দেখা অন্যতম জঘন্য ও কুরুচিপূর্ণ প্রচারণায় সর্বশক্তি নিয়োগ করেছিল প্রতিদ্বন্দ্বীরা।”
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সেনেট নির্বাচনে ইতিহাস গড়ে সেনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল–সায়েদ। এর মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে যে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সেনেটে যাচ্ছেন তিনি।
ফক্স নিউজ বলছে, জয় নিশ্চিত হওয়ার পর মিশিগানের স্থানীয় সময় মঙ্গলবার রাতে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন সায়েদ। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাইক রজার্সকে তীব্র কটাক্ষ করেছেন তিনি।
আল-সায়েদ বলেন, “আমার জীবনকালে দেখা অন্যতম জঘন্য ও কুরুচিপূর্ণ প্রচারণায় সর্বশক্তি নিয়োগ করেছিল প্রতিদ্বন্দ্বীরা।”
তার সম্পর্কে ট্রাম্পের মন্তব্যগুলো ক্রমশ ‘আরও জঘন্য ও অমার্জিত’ হয়ে উঠেছিল দাবি করেন সায়েদ। যেসব অভিভাবক তার সন্তানদের কাছে ব্যাখ্যা করতে হিমশিম খান যে কেনও প্রেসিডেন্ট একজন মানুষের নাম বা প্রার্থনার পদ্ধতি নিয়ে উপহাস করেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আগামীকাল তাদের জানিয়ে দিন যে, বাজে লোকগুলো হেরে গেছে। তারা এমন একটি আমেরিকা চায়, যা আমাদের কয়েকজনের জন্য খুবই সংকীর্ণ, কিন্তু আমরা জানি আমেরিকা আমাদের সবার জন্য যথেষ্ট বড়।”
প্রতিদ্বন্দ্বীরা তার নাম এবং ধর্মীয় পরিচয়ের সূত্র ধরে আক্রমণ চালিয়েছিল যোগ করে তিনি বলেন, “আমরা সবাই জানি আমার নাম বা আমার ধর্ম আপনার গ্যাস কেনা বা মুদিপণ্য কেনার সামর্থ্য কেড়ে নেওয়ার কারণ নয়।”
এছাড়া তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে কটাক্ষ করেন। তার সঙ্গে সাম্প্রতিক মাসগুলোতে সায়েদের বারবার বাগবিতণ্ডা হয়েছে। সে প্রসঙ্গে সায়েদ বলেন, “সংবিধান অনুযায়ী আগামী জানুয়ারিতে আপনারই আমাকে শপথ পাঠ করাতে হবে। এই সুস্বাদু ও চমৎকার ট্র্যাজেডি বা পরিহাসের মধ্যে এক পরম আনন্দ রয়েছে। আপনি ভালো করেই জানেন এর অর্থ কী।”
ইসরায়েল প্রসঙ্গে সায়েদের ভাষ্য, মার্কিন নাগরিকরা চান তাদের করের টাকা যেন যুক্তরাষ্ট্রের ভেতরেই ব্যয় করা হয়। আমরা চাই না আমাদের টাকা কোনো বর্ণবাদী বা গণহত্যামূলক যুদ্ধে অপব্যয় হোক।
প্রতিদ্বন্দ্বী রজার্সকে উদ্দেশ করে সায়েদের পরামর্শ, ‘অবসর জীবন উপভোগ করুন। প্রার্থনা করি আমাদের এই অঙ্গরাজ্যে যেন আপনার মত কাউকে আর কখনো দেখতে না হয়।”
ফক্স নিউজ বলছে, মিশগানে সায়েদের বিজয় ডেমোক্রেটিক রাজনীতিতে প্রগতিশীল ধারাকে পিছিয়ে দিতে রিপাবলিকান চেষ্টার ওপর বড় আঘাত বলে ধরা হচ্ছে। ডেমোক্রেটিক প্রাইমারিতে প্রতিনিধি হ্যালি স্টিভেন্সকে চমকপ্রদভাবে হারানোর পর, রিপাবলিকানরা তাদের প্রচারে সায়েদকে বামপন্থার প্রতীক হিসেবেও তুলে ধরেছিল।
