থ্যাংকসগিভিং টার্কির নাম চেয়েছিল হোয়াইট হাউজ, মশকরার বন্যায় ভাসল ইন্টারনেট
দুই টার্কির নাম ঠিক করতে পরামর্শ চেয়ে নেটিজেনদের তীব্র ব্যঙ্গ-বিদ্রূপের মুখে পড়ল হোয়াইট হাউজ। বিতর্কিত সব নাম এড়িয়ে শেষমেশ ‘ফ্রিডম’ ও ‘ফেদারস’ নামেই ভরসা রাখল ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং উৎসব উপলক্ষে প্রেসিডেন্টের বিশেষ ক্ষমাপ্রার্থী দুটি টার্কির নাম ঠিক করতে সাধারণ মানুষের সাহায্য চেয়েছিল হোয়াইট হাউজ। কিন্তু অনলাইন ব্যবহারকারীরা সুযোগটি লুফে নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনকে নিয়ে রসিকতা আর মশকরায় ভাসিয়ে দিয়েছেন ইন্টারনেট দুনিয়া।
এপস্টেইন, জেনসেন থেকে শুরু করে লেম অ্যান্ড ডাক— এল নানা নামের ‘পরামর্শ’। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের দেওয়া আপত্তিকর ও বিতর্কিত সব নামের প্রস্তাব পাশ কাটিয়ে শেষ পর্যন্ত নিরাপদ বিকল্প হিসেবে ‘ফ্রিডম’ (স্বাধীনতা) ও ‘ফেদারস’ (পালক) নাম দুটিই বেছে নিয়েছে হোয়াইট হাউজ।
যুক্তরাষ্ট্রে প্রতিবছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার ‘থ্যাঙ্কসগিভিং ডে’ পালিত হয়। চলতি বছর ২৬ নভেম্বর এই দিবস পালন করা হবে। যুক্তরাষ্ট্র জুড়ে সেদিন ছুটির দিন। ‘থ্যাঙ্কসগিভিং ডে’এর ভোজে খাবারের তালিকায় টার্কির পদই মূল আকর্ষণ।
উৎসবের আগে ন্যাশনাল টার্কি ফেডারেশন প্রেসিডেন্টকে দুটি সেরা টার্কি উপহার দেয়। প্রেসিডেন্ট তখন আনুষ্ঠানিকভাবে ওই টার্কি দুটিকে প্রাণভিক্ষা দিয়ে ‘ক্ষমা’ করেন—অর্থাৎ তাদেরকে না মারার ঘোষণা দেন। প্রেসিডেন্টের ক্ষমা পাওয়ার পর এই টার্কিগুলোকে আর কখনও খাওয়া হয় না।
ঐতিহ্যবাহী এই উপলক্ষকে সামনে রেখেই কয়েকদিন আগে হোয়াইট হাউজের পক্ষ থেকে ‘থ্যাঙ্কসগিভিং ডে’-এর দুই টার্কির নামকরণের জন্য সাধারণ মানুষের পরামর্শ চাওয়া হয়।
রোববার মানুষের পরামর্শ নিতে ভোট গ্রহণ শেষ হওয়ার আগে মার্কিন নাগরিকদের সামনে তিনটি নাম থেকে যে কোনও একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। সেগুলো হচ্ছে-‘কমান্ডার অ্যান্ড চিফ’, ‘ফ্রিডম অ্যান্ড ফেদারস’ এবং ‘হানি অ্যান্ড হ্যাম’।
তবে নির্ধারিত এই তিনটি বিকল্প দেওয়া হলেও নেটিজেনরা ছাড় দেননি। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মতো করে নানা নাম প্রস্তাব করতে থাকেন, যেখানে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনকে তাড়া করে বেড়ানো নানা কেলেঙ্কারি ও বিতর্কের তীক্ষ্ম ইঙ্গিত ছিল।
এমন অনেক নাম প্রস্তাব করা হয়েছে, যা ডনাল্ড ট্রাম্প প্রশাসনকে অস্বস্তিতে ফেলেছে। নেটিজেনদের জনপ্রিয় প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম ছিল ‘জেফরি’ ও ‘এপস্টেইন’।
প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের মামলা পরিচালনায় মার্কিন প্রশাসনের ভূমিকা ঘিরে যে বিতর্ক ২০২৫ সালের বেশির ভাগ সময়জুড়ে ট্রাম্পকে চাপে রেখেছিল, মূলত সেটিকে খোঁচা দিতেই এ নাম দেওয়া হয়। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “আমার পছন্দ ‘এপস্টেইন’ ও ‘ফাইলস’।
আরেকটি প্রস্তাব ছিল ‘মেলানিয়া অ্যান্ড নাটালি’। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং প্রেসিডেন্টের ৩৫ বছর বয়সী বিশেষ সহকারী নাটালি হার্পের নাম জড়িয়ে এই রসিকতা করা হয়—যিনি সব সময়ই ট্রাম্পের ছায়াসঙ্গী হিসেবে পাশে থাকেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারী ‘লেম অ্যান্ড ডাক’ নাম প্রস্তাব করেন। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসের বিপরীতে প্রেসিডেন্টের মেয়াদের বাকি দুই বছরের ক্ষমতাহীন বা অকার্যকর অবস্থাকে (লেম ডাক বা খোঁড়া হাস প্রেসিডেন্ট) ব্যঙ্গ করেই মূলত এই নাম প্রস্তাব করা হয়।
প্রেসিডেন্ট ট্রাম্পের চাপের মুখে প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার পরিচালনা পর্ষদ যেদিন জেনসেন হুয়াংকে আবারও প্রতিষ্ঠানটির সিইও পদে ফিরিয়ে আনে, ঠিক সেদিনই এক্সে এক ব্যবহারকারী দুই টার্কির নাম ‘জেফরি অ্যান্ড জেনসেন’ রাখার প্রস্তাব দেন।
ট্রাম্প প্রশাসনের আরও কয়েকজন কর্মকর্তার নামও এই তালিকায় উঠে এসেছে। অনেকেই ট্রাম্প মন্ত্রিসভার সবচেয়ে উর্ধ্বতন দুই সদস্য এবং ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য দুই প্রতিদ্বন্দ্বীর নাম প্রস্তাব করেছেন।
একটি অ্যাকাউন্ট থেকে ‘মার্কো অ্যান্ড জেডি’ নাম প্রস্তাব করা হয়েছে। কেউ আবার প্রস্তাব করেছিলেন ‘পিট অ্যান্ড জে ডি’ নাম, যার মাধ্যমে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে বোঝানো হয়েছে।
এর আগে ২০২৫ সালের দুই টার্কি ‘গবল’ ও ‘ওয়াডল’-কে ক্ষমা মঞ্জুরের অনুষ্ঠানে উৎসবের এই নির্মল ঐতিহ্যকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে রাজনৈতিক বিষোদগারের মঞ্চে পরিণত করেছিলেন ট্রাম্প।
তিনি রসিকতা করে বলেছিলেন, বিচার বিভাগের একটি তদন্তে প্রমাণিত হয়েছে যে ২০২৪ সালের দুই টার্কি ‘পিচ’ ও ‘ব্লসম’-কে ক্ষমা করার নথিতে বাইডেন নিজে সই না করে ‘অটোপেন’ (স্বয়ংক্রিয়ভাবে সই করার যন্ত্র) ব্যবহার করেছিলেন।
ট্রাম্প বলেছিলেন, “বিষয়টি যাচাই করার দাপ্তরিক দায়িত্ব আমার, এবং আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, ২০২৪ সালের টার্কি ক্ষমার আদেশ সম্পূর্ণ অবৈধ ও বাতিল।”
সূত্র: দ্য ইনডিপেনডেন্ট
